টেনিস কোর্টে আবারও ইতিহাসের পাতায় নাম লিখলেন সার্ব তারকা নোভাক জোকোভিচ। এথেন্সে অনুষ্ঠিত হেলেনিক চ্যাম্পিয়নশিপে ইতালির লরেঞ্জো মুসেত্তিকে হারিয়ে নিজের ক্যারিয়ারের ১০১তম ট্রফি নিজের ঘরে তুলে নিলেন এই গ্র্যান্ড স্লাম সম্রাট।
এই জয়ের মধ্য দিয়ে জোকোভিচ ছেলেদের টেনিস ইতিহাসে সবচেয়ে বেশি শিরোপাজয়ীর তালিকায় ১১তম স্থানে উঠে এসেছেন। একই সঙ্গে তিনি হয়ে গেলেন ১৯৭৭ সালে কেন রোজওয়েলের পর সবচেয়ে বয়স্ক এটিপি চ্যাম্পিয়ন, বয়স এখন তার ৩৮ বছর।
আরেক কিংবদন্তি রজার ফেদেরারকেও পেছনে ফেলেছেন জোকোভিচ। এথেন্স শিরোপা জয়ের মাধ্যমে তিনি হার্ড কোর্টে ক্যারিয়ারের ৭২তম শিরোপা জিতলেন যেখানে ফেদেরারের শিরোপা সংখ্যা ৭১।
এরই মধ্যে জোকোভিচের ঝুলিতে রয়েছে টেনিস ইতিহাসের বহু রেকর্ড সর্বাধিক ২৪টি গ্র্যান্ড স্লাম, ৩৭টি ফাইনাল, ৫৩টি সেমিফাইনাল এবং ৬৪টি কোয়ার্টার ফাইনাল উপস্থিতি সবই পুরুষ টেনিসে সর্বোচ্চ।
ম্যাচ শেষে আবেগঘন প্রতিক্রিয়ায় জোকোভিচ বলেন, অসাধারণ লড়াই তিন ঘণ্টার কঠিন ম্যাচ, শারীরিকভাবে এটি যে কারো ম্যাচ হতে পারত। লরেঞ্জোকে ধন্যবাদ অসাধারণ পারফরম্যান্সের জন্য। এই লড়াইয়ে জিততে পেরে আমি গর্বিত।
তবে সুখবরের মাঝেও এক দুঃসংবাদ আগামী এটিপি ফাইনালসে খেলবেন না জোকোভিচ। কাঁধের চোটের কারণে তিনি সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন।
এথেন্সের এই জয় দিয়ে জোকোভিচ আরও একবার প্রমাণ করলেন, বয়স শুধুই সংখ্যা মাত্র। আর জোকোভিচ এখনও টেনিস কোর্টের রাজা।





