রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে লন্ডনে উন্নত চিকিৎসার জন্য নেওয়ার লক্ষ্যে নির্ধারিত এয়ার অ্যাম্বুলেন্স ফ্লাইটকে ‘ভিভিআইপি মুভমেন্ট’ হিসেবে ঘোষণা করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। এ অনুযায়ী হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ ফ্লাইটের অবতরণ ও উড্ডয়নের জন্য প্রয়োজনীয় ক্লিয়ারেন্স প্রদান করেছে।
শনিবার (৬ ডিসেম্বর) বিমানবন্দরের নির্বাহী পরিচালক ক্যাপ্টেন এস এম রাগীব সামাদ নিশ্চিত করেন যে, ৯ ডিসেম্বর এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় পৌঁছাবে এবং ১০ ডিসেম্বর ঢাকা ত্যাগ করবে বলে প্রাথমিক শিডিউল অনুমোদন করা হয়েছে।
তিনি জানান, ভিভিআইপি মুভমেন্ট হিসেবে ল্যান্ডিং থেকে টেকঅফ পর্যন্ত সর্বোচ্চ নিরাপত্তা ও অপারেশনাল প্রস্তুতি রাখা হচ্ছে। সময়সূচির চূড়ান্ত নিশ্চয়তা পেলেই সংশ্লিষ্ট সব ইউনিট সক্রিয় হয়ে উঠবে।
তবে বিএনপি চেয়ারপারসনের লন্ডন যাত্রা আবারও পিছিয়েছে। খালেদা জিয়ার একান্ত সচিব এবি এম আব্দুস সাত্তার বলেন, ম্যাডামের লন্ডন যাত্রা পিছিয়েছে। নতুন করে কোনো তারিখ এখনই বলা যাচ্ছে না। এয়ার অ্যাম্বুলেন্স এলে যেকোনো দিন নেওয়া হতে পারে।
এভারকেয়ার হাসপাতালের একজন চিকিৎসক জানান, খালেদা জিয়ার শারীরিক অবস্থা গত কয়েকদিন ধরে একই আছে। তিনি বলেন, এয়ার অ্যাম্বুলেন্স আসতে দেরি হওয়ার পাশাপাশি ম্যাডামের শারীরিক অবস্থা ফ্লাই করার উপযুক্ত কিনা সেদিকও বিবেচনায় রাখা হচ্ছে।
বিএনপির একটি নির্ভরযোগ্য সূত্র জানায়, কাতারের ব্যবস্থাপনায় নতুন এয়ার অ্যাম্বুলেন্সটি ৬ ডিসেম্বর ঢাকায় পৌঁছানোর কথা থাকলেও সময়সূচি পরিবর্তন করে ৯ ডিসেম্বর নির্ধারণ করা হয়েছে। আর ঢাকা থেকে এর যাত্রা শুরুর সম্ভাব্য সময় ১০ ডিসেম্বর নির্ধারণ করা হয়েছে।
পরিস্থিতি ঘিরে বিএনপির নেতাকর্মী ও সমর্থকদের মাঝে উৎকণ্ঠা বাড়ছে। চিকিৎসা এবং ফ্লাইটের চূড়ান্ত সমন্বয় সম্পন্ন হওয়ার পরই খালেদা জিয়ার লন্ডন যাত্রার নতুন তারিখ ঘোষণা করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।





