কোরবানির বর্জ্য অপসারণ সামগ্রী বিতরণ শুরু করল ডিএসসিসি

পবিত্র ঈদুল আজহার কোরবানির পশুর বর্জ্য সুনির্দিষ্ট ও পরিবেশসম্মত উপায়ে ব্যবস্থাপনায় উদ্বুদ্ধ ও সহযোগিতা করতে নাগরিকদের মাঝে বর্জ্য অপসারণ সামগ্রী বিতরণ শুরু করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)।

আজ (শুক্রবার) রাজধানীর এলিফ্যান্ট রোড এলাকায় এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক মো. আবদুস সালাম।

উদ্বোধনী অনুষ্ঠানে ডিএসসিসি প্রশাসক বলেন, নাগরিকদের সচেতন ও সহযোগিতা করতে ডিএসসিসির পক্ষ থেকে এবার এক লক্ষ ৪০ হাজার বায়োডিগ্রেডেবল (পচনশীল) ব্যাগ, ৪০ টন ব্লিচিং পাউডার ও এক হাজার ৫০ লিটার স্যাভলন বিতরণ করা হচ্ছে।

তিনি নগরবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, আপনারা দয়া করে কোরবানির বর্জ্য ব্যাগে ভরে নির্দিষ্ট স্থানে রেখে দেবেন। ডিএসসিসির কর্মীরা দ্রুততম সময়ে সেগুলো সংগ্রহ করে নেবে।

অনুষ্ঠানে ‘হৃদয়ে এলিফ্যান্ট রোড সোসাইটির নিকট বায়োডিগ্রেডেবল ব্যাগ, ব্লিচিং পাউডার ও স্যাভলন হস্তান্তরের মাধ্যমে এই বিতরণ কর্মসূচির সূচনা করা হয়।

ডিএসসিসি জানিয়েছে, সাধারণ নাগরিকেরা নিজ নিজ এলাকার ওয়ার্ড অফিস এবং বাসাবাড়ি থেকে বর্জ্য সংগ্রহের দায়িত্বে নিয়োজিত প্রতিষ্ঠান বা পিসিএসপির কাছ থেকে এই বায়োডিগ্রেডেবল ব্যাগ ও ব্লিচিং পাউডার সংগ্রহ করতে পারবেন।