হোয়াইট হাউস ছাড়ছেন তুলসি গ্যাবার্ড

যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা বিভাগের শীর্ষ পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন ডিরেক্টর অব ন্যাশনাল ইন্টেলিজেন্স (ডিএনআই) তুলসি গ্যাবার্ড। পারিবারিক কারণ দেখিয়ে আগামী ৩০ জুন দায়িত্ব ছাড়বেন বলে জানিয়েছেন তিনি।

শুক্রবার (২২ মে) সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক বার্তায় গ্যাবার্ড জানান, তার স্বামীর ক্যানসার শনাক্ত হয়েছে। এ পরিস্থিতিতে পরিবারের পাশে সময় দিতে তিনি সরকারি দায়িত্ব থেকে অব্যাহতি নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের প্রশাসনে এটি চতুর্থ কোনও উচ্চপদস্থ কর্মকর্তার পদত্যাগ। গ্যাবার্ডের বিদায়ের পর তার প্রধান ডেপুটি অ্যারন লুকাসকে ভারপ্রাপ্ত জাতীয় গোয়েন্দা প্রধান হিসেবে দায়িত্ব দেওয়া হবে বলে জানিয়েছে হোয়াইট হাউস সূত্র।

সাবেক ডেমোক্র্যাট কংগ্রেস সদস্য তুলসি গ্যাবার্ড গত বছর যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলোর সমন্বয়কারী হিসেবে গুরুত্বপূর্ণ এই পদে নিয়োগ পান। ট্রাম্পের ঘনিষ্ঠ রাজনৈতিক মিত্র হিসেবে পরিচিত হলেও সাম্প্রতিক সময়ে ইরান ইস্যুতে প্রশাসনের অবস্থান নিয়ে তার ভেতরে অস্বস্তি তৈরি হয়েছিল বলে রাজনৈতিক মহলে আলোচনা ছিল।

বিশেষ করে ইরানের ওপর সম্ভাব্য মার্কিন সামরিক পদক্ষেপ এবং গোয়েন্দা তথ্য মূল্যায়ন ঘিরে প্রশাসনের সঙ্গে তার মতপার্থক্যের গুঞ্জন ওয়াশিংটনে বেশ আলোচিত হয়। যদিও পদত্যাগের আনুষ্ঠানিক ঘোষণায় তিনি শুধুই পারিবারিক পরিস্থিতির কথা উল্লেখ করেছেন।

তুলসি গ্যাবার্ডের এই বিদায় ট্রাম্প প্রশাসনের জাতীয় নিরাপত্তা টিমে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। বিশ্লেষকদের মতে, সামনে যুক্তরাষ্ট্রের বৈশ্বিক কৌশল ও গোয়েন্দা সমন্বয়ে এর প্রভাব পড়তে পারে।