কুরবানি করবেন যেসব ব্যক্তি

কুরবানি ইসলামের অন্যতম বিধান। জিলহজ মাসের ১০, ১১ ও ১২ তারিখ- এই তিন দিনের যেকোনো এক দিন পশু কুরবানি করতে হয়। মহান আল্লাহর কাছে এ দিনগুলোতে কুরবানি করার চেয়ে প্রিয় আর কিছুই নেই। আসুন জেনে নিই কাদের ওপর কুরবানি করা আবশ্যক। কত টাকার মালিক হলে আপনাকে পশু জবাই করতে হবে। মহিলা ও শিশুদের কুরবানির বিধান বিষয়েও জানা জরুরি।

কুরবানি যাদের ওপর ওয়াজিব : শরিয়তের পরিভাষায় কুরবানির জন্য সামর্থ্যবান হওয়ার ব্যাপারটি নিরূপণ করা হয় আর্থিক সামর্থ্যরে মাধ্যমে। তাই কুরবানির দিনগুলোতে যদি কেউ শরিয়তের পরিমাপে সম্পদশালী হয় তা হলে তার পক্ষ থেকে কুরবানি আদায় করতে হবে। স্বর্ণের ক্ষেত্রে সাড়ে সাত ভরি। আর রুপার ক্ষেত্রে সাড়ে বায়ান্ন ভরি। আর অন্যান্য বস্তুর ক্ষেত্রে সাড়ে বায়ান্ন ভরি রুপার সমমূল্যের সম্পদ। স্বর্ণ বা রুপার কোনো একটি যদি পৃথকভাবে নেসাব পরিমাণ না হয়, তবে স্বর্ণ-রুপা উভয়টি মিলে কিংবা এর সঙ্গে প্রয়োজন অতিরিক্ত অন্য বস্তুর মূল্য মিলে সাড়ে বায়ান্ন ভরি রুপার সমমূল্যের হলেও সম্পদশালী হিসেবে গণ্য হবে এবং কুরবানি ওয়াজিব হবে। চলতি বছর ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৫ হাজার ৪৮২ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি রুপা ৫ হাজার ১৯০ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৪ হাজার ৪৯০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ৩ হাজার ৩৮৩ টাকা। এই দরের ভিত্তিতে, বিশেষত মধ্যম মানের ১৮ ক্যারেট রুপার বাজারমূল্য বিবেচনায় এ বছর যদি কারও কাছে প্রয়োজনের অতিরিক্ত ২ লাখ ৩৫ হাজার ৭২৫ টাকার সমপরিমাণ সম্পদ বা নগদ অর্থ থাকে, তবে তার ওপর কুরবানি ওয়াজিব হবে। তবে স্বর্ণ ও রুপার বাজারমূল্য প্রতিনিয়ত পরিবর্তিত হয়। তাই ১০ থেকে ১২ জিলহজের মধ্যে যে মূল্য কার্যকর থাকবে, সেই অনুযায়ী কুরবানির নেসাবও নির্ধারিত হবে।

কুরবানি কি শুধু পরিবারপ্রধান দেবেন? : আমাদের দেশে অধিকাংশ স্থানে শুধু পরিবার প্রধানের পক্ষ থেকে কুরবানি দেওয়া হয়। এটা ভুল পদ্ধতি। ইসলাম ব্যক্তি স্বাধীনতায় ও ব্যক্তি স্বাতন্ত্র্যে বিশ্বাস করে। তাই প্রত্যেক ব্যক্তি আলাদা আলাদাভাবে সম্পদশালী হলে প্রত্যেকের পক্ষ থেকে কুরবানি দিতে হবে।

মহিলাদের পক্ষ থেকে কুরবানি : মহিলারাও কেউ কেউ ব্যক্তিগতভাবে সম্পদশালী হতে পারেন। পিতার পক্ষ থেকে উপহার পাওয়ার মাধ্যমে, স্বামীর পক্ষ থেকে দেনমোহর প্রাপ্তির মাধ্যমে, চাকরি করার সুবাদে, ব্যবসা করার মাধ্যমে, উত্তরাধিকার মাধ্যমে বা অন্য কোনো উপায়ে। যদি কোনো মহিলা নিজস্বভাবে সম্পদশালী হন তা হলে তার নিজের পক্ষ থেকেও কুরবানি করতে হবে। নিজ দায়িত্বে কুরবানি না করলে গুনাহগার হবে। তবে তার পক্ষ থেকে স্বামী, পিতা, ছেলে, ভাই বা অন্য কেউ আদায় করে দিলে সে দায়িত্বমুক্ত হবে।

বাচ্চাদের পক্ষ থেকে কুরবানি : অপ্রাপ্ত বয়স্ক ছেলেমেয়ের ওপর কুরবানি ওয়াজিব হয় না। বাচ্চারা সম্পদশালী হলেও তার পক্ষ থেকে কুরবানি করা ওয়াজিব হয় না। তবে তার পক্ষ থেকে অভিভাবক কুরবানি করলে তা জায়েজ হবে। পিতা বা মাতা যদি আলাদাভাবে সম্পদশালী না হন তার পক্ষ থেকেও কুরবানি করলে তা আদায় হবে। মুসাফিরের পক্ষ থেকে কুরবানি করা ওয়াজিব নয়। তবে আদায় করলে তা জায়েজ হবে। গরিব ব্যক্তির পক্ষ থেকেও কুরবানি নেই। তবে আদায় করলে তা জায়েজ হবে। যাদের ওপর কুরবানি ওয়াজিব তারা যেন সানন্দে আল্লাহর সন্তুষ্টির জন্য কুরবানি করে সুন্নতে ইবরাহিমি আদায় করতে পারি। আল্লাহ তায়ালা আমাদের তওফিক দিন।