প্রধানমন্ত্রীর অপেক্ষায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে নেতাকর্মীদের ঢল

প্রধানমন্ত্রী তারেক রহমানের ত্রিশাল সফরকে ঘিরে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে পুরো উপজেলাজুড়ে। শনিবার (২৩ মে) ধরারখাল পুনঃখনন কাজের উদ্বোধন ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তীর জাতীয় অনুষ্ঠানে অংশ নিবেন তিনি।

তার আগমনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের দুই পাশে সকাল থেকেই নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে।

বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে আসা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ব্যানার, ফেস্টুন ও দলীয় পতাকা নিয়ে মহাসড়কের পাশে অবস্থান নেন। অনেককে প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে স্লোগান দিতে এবং আনন্দ মিছিল করতে দেখা যায়। পুরো এলাকা বর্ণিল সাজে সজ্জিত করা হয়েছে।

বিশেষ করে ত্রিশালের বৈলর ইউনিয়নে ধরারখাল পুনঃখনন প্রকল্পের উদ্বোধনস্থলে বিরাজ করছে উৎসবের আমেজ। সেখানে নির্মাণ করা হয়েছে সুসজ্জিত মঞ্চ, তোরণ ও দর্শনার্থীদের জন্য বিশেষ ব্যবস্থা। স্থানীয় বাসিন্দাদের মধ্যেও প্রধানমন্ত্রীর আগমন ঘিরে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।

এদিকে নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মহাসড়ক ও অনুষ্ঠানস্থলগুলোতে কঠোর নজরদারি চালাচ্ছেন। গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অতিরিক্ত পুলিশ, গোয়েন্দা সংস্থা ও অন্যান্য নিরাপত্তা বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে।

স্থানীয় নেতাকর্মীরা জানান, দীর্ঘদিন পর ত্রিশালে কোনো প্রধানমন্ত্রীর আগমন হওয়ায় তারা উচ্ছ্বসিত। তাদের প্রত্যাশা, এ সফরের মাধ্যমে ত্রিশালের উন্নয়ন কর্মকাণ্ডে নতুন মাত্রা যোগ হবে এবং জাতীয় পর্যায়ে উপজেলার গুরুত্ব আরও বৃদ্ধি পাবে।

প্রধানমন্ত্রীর আগমনের নির্ধারিত সময় ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক ও অনুষ্ঠানস্থলগুলোতে মানুষের উপস্থিতি আরও বাড়তে দেখা গেছে। পুরো ত্রিশাল যেন এখন একজন বিশেষ অতিথিকে বরণ করে নেওয়ার অপেক্ষায়।