প্রয়োজনে আইনের প্রয়োগ, তবুও জনস্বাস্থ্য সুরক্ষা করবো: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

ডেঙ্গু প্রতিরোধে প্রয়োজনে আইনের প্রয়োগ করা হবে, তবুও জনস্বাস্থ্য সুরক্ষা করবেন বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত।

শনিবার (৬ জুন) সকালে রাজধানীর গুলশান সেন্ট্রাল পার্কে ডেঙ্গু প্রতিরোধে তিন মাসের বিশেষ অভিযানের উদ্বোধনকালে এই কথা জানান তিনি।

স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, ‘সুস্বাস্থ্যের বাংলাদেশ গড়ে তুলতে নানাবিধ কর্মসূচি দিয়েছে সরকার। এতে জনগণের সম্পৃক্ততা আমরা আশা করছি।’

তিনি আরও বলেন, ‘ডেঙ্গু পরিস্থিতি নিয়ে যেসব কর্মসূচি নেয়া হয়েছে, সেগুলোতে একদিকে যেমন আমরা জনগণকে সচেতন করবো, তেমনি জনগণকে সঙ্গে নিয়ে কার্যক্রম জোরদার করবো। দরকার হলে আইনের প্রয়োগ করবো। তবুও জনস্বাস্থ্য সুরক্ষা করবো।’

এদিকে, ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন বলেন, ‘আমরা সবাই যদি সচেতন থাকি এবং একে অপরকে সচেতন করি তাহলে ডেঙ্গু প্রতিরোধের কাজ আমাদের জন্য সহজ হয়ে যাবে।’