ম্যাডোনার ‘কনফেশনস ২ দ্য ফিল্ম’ অবমুক্ত করা হবে আজ

পপ সঙ্গীতের রানি ম্যাডোনা তাঁর ভক্তদের জন্য এক বড় ঘোষণা দিয়েছেন। আজ ৮ জুন, তাঁর বহুপ্রতীক্ষিত ভিজ্যুয়াল প্রজেক্ট ‘কনফেশনস ২ দ্য ফিল্ম’ বিশ্বজুড়ে ইউটিউবে অবমুক্ত করা হবে। ডেভিড টোরো এবং সলোমন চেজ (টরসো)-এর পরিচালনায় এই স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটির ওয়ার্ল্ড প্রিমিয়ার অনুষ্ঠিত হতে যাচ্ছে ট্রাইবেকা ফিল্ম ফেস্টিভ্যালের অংশ হিসেবে নিউ ইয়র্ক সিটির বিখ্যাত ‘বিকন থিয়েটার’-এ।

প্রিমিয়ার শো-তে ম্যাডোনা নিজে উপস্থিত থাকবেন এবং প্রদর্শনী শেষে ছবির পরিচালকদের সাথে নিয়ে জনপ্রিয় টক-শো হোস্ট জিমি ফ্যালনের সাথে একটি বিশেষ আলোচনায় অংশ নেবেন।

ছবির অফিসিয়াল পোস্টার অনুযায়ী, এই ভিজ্যুয়াল ফিল্মটিতে বিনোদন ও ফ্যাশন জগতের একঝাঁক তারকাকে অতিথি চরিত্রে দেখা যাবে। এ তালিকায় আছেন- বেনেডিক্ট কাম্বারব্যাচ, জুলিয়া গার্নার, রিচার্ড ই. গ্র‍্যান্ট, আর্চি ম্যাডেকুয়ে এবং গোয়েন্ডোলিন ক্রিস্টি। বিখ্যাত মডেল কেট মস এবং ফ্যাশন আইকন ডেবি মেজারকে ও দেখা যাবে এ ছবিতে।

ট্রাইবেকা উৎসবের ওয়েবসাইট সূত্রে জানা গেছে, এটি ১০ মিনিটের চেয়ে কিছুটা বড় একটি উচ্চাভিলাষী ভিজ্যুয়াল আর্ট বা মিউজিক্যাল ফিল্ম। ম্যাডোনার আসন্ন নতুন অ্যালবামের প্রথম ছয়টি গানের ওপর ভিত্তি করে এটি নির্মাণ করা হয়েছে। যার মধ্যে রয়েছে তাঁর একক গান ‘আই ফিল সো ফ্রি’ এবং পপ তারকা সাবরিনা কার্পেন্টারের সাথে বহুল আলোচিত ডুয়েট গান ‘ব্রিং ইয়োর লাভ’।

পুরো ফিল্মটি কোনো বিরতি ছাড়া একটি একক ধারাবাহিক গল্প বা সিকোয়েন্স হিসেবে এগিয়ে যাবে, যা দর্শককে একটি সিনেমাটিক অভিজ্ঞতার আমেজ দেবে। উৎসব কর্তৃপক্ষের মতে, “এটি এমন একটি চলচ্চিত্র যা সঙ্গীতকে শারীরিক রূপ দেয় এবং নিয়ন্ত্রণ ও আত্মসমর্পণের মধ্যকার টানাপোড়েনকে পর্দায় ফুটিয়ে তোলে।”

আগামী ৩ জুলাই ওয়ার্নার রেকর্ডসের অধীনে মুক্তি পেতে যাচ্ছে ম্যাডোনার নতুন অ্যালবাম ‘কনফেশনস ২’। বর্তমানে এই অ্যালবামের প্রচারণায় ব্যাপক ব্যস্ত সময় পার করছেন ৭০ ছুঁইছুঁই এই পপ আইকন। এপ্রিল ২০২৬ এই অ্যালবামের প্রথম একক গান ‘আই ফিল সো ফ্রি’ মুক্তি পায়। এরপরই কোচেল্লা ভ্যালি মিউজিক ফেস্টিভ্যালে সাবরিনা কার্পেন্টারের হেডলাইনিং পারফরম্যান্সের সময় আচমকা মঞ্চে এসে সবাইকে চমকে দেন ম্যাডোনা। সেখানে তারা দুজনে মিলে তাদের নতুন ডুয়েট গান ‘ব্রিং ইয়োর লাভ’ পরিবেশন করেন।