নামমাত্র খরচে বিটিভিতে বিশ্বকাপ, স্বত্ব বিক্রিতেই উঠে এসেছে সম্প্রচার ব্যয়: তথ্য প্রতিমন্ত্রী

ফুটবল বিশ্বকাপ সম্প্রচারের জন্য ফিফার সঙ্গে ৩ দশমিক ৮৫ মিলিয়ন মার্কিন ডলারে চুক্তি চূড়ান্ত হয়েছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।
মঙ্গলবার (৯ জুন) সচিবালয়ে তথ্য অধিদফতরের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, টেলিকম অপারেটর, স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এবং ওটিটি প্ল্যাটফর্মের কাছে সম্প্রচারস্বত্ব ও বিজ্ঞাপন বিক্রির মাধ্যমে প্রায় পুরো অর্থই উঠে এসেছে। ফলে নামমাত্র খরচে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) বিশ্বকাপের ম্যাচ সম্প্রচার করতে পারবে।

প্রতিমন্ত্রী জানান, স্বচ্ছ প্রক্রিয়া ও বিদ্যমান নীতিমালার আলোকে এবারের বিশ্বকাপ সম্প্রচারের চূড়ান্ত চুক্তিমূল্য নির্ধারণ করা হয়েছে ৩.৮৫ মিলিয়ন মার্কিন ডলার, যা বর্তমান বিনিময় হার অনুযায়ী বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪৭ কোটি ২৫ লাখ ৮৭ হাজার ৫০০ টাকা।

তিনি বলেন, ভ্যাট ও আয়করসহ মোট ব্যয় দাঁড়াবে প্রায় ৬৩ কোটি ৭৯ লাখ ৯৩ হাজার ১২৫ টাকা। তবে এই অর্থ সরাসরি বিটিভিকে বহন করতে হবে না।

ইয়াসের খান চৌধুরী বলেন, জনগণের জন্য সুখবর হলো, সম্প্রচারস্বত্ব ও বিজ্ঞাপন বিক্রির মাধ্যমে আমরা প্রায় পুরো অর্থই সংগ্রহ করতে সক্ষম হয়েছি। ফলে খুবই সামান্য খরচে বিটিভি বিশ্বকাপের খেলা সম্প্রচার করবে।

সরকারের এই উদ্যোগের ফলে দেশের ফুটবলপ্রেমীরা বিনামূল্যে বা সহজলভ্য উপায়ে বিশ্বকাপ উপভোগ করার সুযোগ পাবেন বলে আশা প্রকাশ করেন তিনি।