যুক্তরাষ্ট্রে দুর্ধর্ষ চুরির শিকার ইংল্যান্ড দল

ফিফা বিশ্বকাপ মাঠে গড়াতেই মাঠের বাইরে নজিরবিহীন এক নিরাপত্তা বিপর্যয়ের মুখে পড়েছে সাবেক বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ড। টুর্নামেন্টে নিজেদের প্রথম আনুষ্ঠানিক অনুশীলন সেশনে নামার আগেই চুরির শিকার হয়েছে ইংলিশ ফুটবল দল। খোয়া গেছে তারকা ফুটবলারদের কাস্টমাইজড ম্যাচের বুটসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ ক্রীড়াসামগ্রী।

বিশ্বকাপ শুরুর আগে ফ্লোরিডার ওয়েস্ট পাম বিচে তীব্র গরমের মধ্যে কন্ডিশনিং ক্যাম্প শেষ করে টমাস টুখেলের শিষ্যরা। সেখান থেকে ফুটবলারদের সরঞ্জাম ও মালামাল মিসৌরির ‘সোপ সকার ভিলেজ’ প্রশিক্ষণ ক্যাম্পে নেওয়ার পথে এই চুরির ঘটনা ঘটে। চুরি যাওয়া সামগ্রীর তালিকায় জুড বেলিংহাম-হ্যারি কেইনদের বিশেষভাবে তৈরি ম্যাচের বুট, ফিফার অফিসিয়াল ম্যাচ বল এবং অনুশীলনের অন্যান্য জরুরি সরঞ্জাম রয়েছে।

বিশ্বকাপের মতো মেগা ইভেন্টে এমন চুরির ঘটনায় নড়েচড়ে বসেছে স্থানীয় প্রশাসন। ঘটনার তদন্তে নেমে ইতিমধ্যে দুই সন্দেহভাজনকে আটক করার কথা নিশ্চিত করেছে কানসাস সিটি পুলিশ বিভাগ। পুলিশের একজন মুখপাত্র ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান-কে বলেন, তদন্তের স্বার্থে এই চুরির ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে দুই ব্যক্তিকে আমাদের হেফাজতে নেওয়া হয়েছে এবং তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

আজ শনিবার (১৩ জুন) বিকালেই কানসাসে কোচ টমাস টুখেলের অধীনে প্রথমবারের মতো অনুশীলনে নামার সূচি রয়েছে থ্রি লায়ন্সদের। তবে অনুশীলনের ঠিক আগমুহূর্তে বুট ও সরঞ্জাম চুরির এই ঘটনা পুরো কোচিং স্টাফ এবং টিম ম্যানেজমেন্টকে বেশ বড়সড় বিভ্রান্তি ও মাথাব্যথার মধ্যে ফেলে দিয়েছে।

গত ১১ জুন যৌথভাবে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে শুরু হওয়া এবারের বিশ্বকাপে ‘এল’ গ্রুপে খেলছে ইংল্যান্ড। আগামী বুধবার ডালাসে ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে ১৯৬৬ সালের বিশ্বচ্যাম্পিয়নরা তাদের বিশ্বকাপ মিশন শুরু করবে। তার আগে মাঠের বাইরের এই ধাক্কা সামলে টুখেলের দল কীভাবে নিজেদের প্রস্তুত করে, সেটাই এখন দেখার বিষয়।