২০২৬ ফিফা বিশ্বকাপের মহোৎসবে আজ রাত ১টায় সান ফ্রান্সিসকোতে এক রোমাঞ্চকর ম্যাচ। মাঠের সবুজ ক্যানভাসে মরুঝড়ের গান গাওয়া কাতার লড়বে আল্পস পর্বতের প্রাচীর সুইজারল্যান্ডের বিরুদ্ধে। গ্রুপ ‘বি’-তে তাদের অপর দুই প্রতিপক্ষ বসনিয়া ও কানাডা। ২০২২ সালে আয়োজক হিসেবে বিশ্বকাপ অভিষেক ঘটেছিল কাতারের। তবে সেবার গ্রুপ পর্বেই থমকে যায় তাদের যাত্রা। পরাজিত হয় সবকটি ম্যাচেই। এবার বাছাই পর্বের বাধা পেরিয়ে দ্বিতীয়বারের মতো তারা বিশ্বমঞ্চে। অপরদিকে, সুইজারল্যান্ড বিশ্বকাপের এক চেনা শক্তি। চলতি মৌসুমসহ ১৩ বার অংশগ্রহণ করেছে তারা। এবার সুইসরা টানা ষষ্ঠবার বিশ্বমঞ্চে খেলছে। ১৯৩৪ সালে অভিষেক হওয়া সুইসদের সর্বোচ্চ সাফল্য কোয়ার্টার ফাইনাল। তারা তিনবার-১৯৩৪, ১৯৩৮ ও ১৯৫৪ সালে শেষ আটের লড়াই করেছে। বিশ্বকাপে সবশেষ টানা পাঁচবারের অংশগ্রহণে চারবারই তারা খেলেছে রাউন্ড অফ সিক্সটিন। বিশ্বমঞ্চের অভিজ্ঞতা, শক্তি ও সাফল্যে বেশ এগিয়ে র্যাঙ্কিংয়ে ১৯ নম্বরে থাকা সুইজারল্যান্ড। তবে এসব বিচারে পিছিয়ে থাকলেও সুইসদের সঙ্গে প্রথমবারের ফুটবল রণকৌশলে এগিয়ে ৫৬ নম্বরের কাতার। ২০১৮ সালের এক প্রীতি ম্যাচে কাতার ১-০ ব্যবধানে সুইজারল্যান্ডকে হারিয়েছিল। তবে এবারই প্রথমবারের মতো বিশ্বকাপের মঞ্চে লড়াই করবে কাতার ও সুইজারল্যান্ড। কাতারের আক্রমণভাগের গতি বাড়াবেন দুই তারকা। ফরোয়ার্ড আকরাম আফিফ আর আলমোয়েজ আলী।





