কক্সবাজারের টেকনাফে নাফ নদে মাছ ধরতে গিয়ে সিকান্দার আলী নামে এক জেলে নিখোঁজ হয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যার পর হোয়াইক্যংয়ের খারাংগ্যাঘোনা সংলগ্ন নাফ নদীতে মাছ ধরতে যান তিনি। এরপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি।
নিখোঁজ সিকান্দার আলী টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের খারাংগ্যাঘোনা এলাকার বাসিন্দা এবং মকবুল হোসেনের ছেলে।
উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জহিরুল ইসলাম জানান, সিকান্দার আলী মাছ ধরতে যাওয়ার সময় আমাদেরকে অবগত করেননি। নিখোঁজের বিষয়টি শুক্রবার জানতে পেরেছি। ঘটনার সত্যতা যাচাইয়ের চেষ্টা চলছে।
নিখোঁজের ভাই ওমর ফারুক বলেন, সিকান্দার নাফ নদে মাছ ধরতে গিয়েছিল। ওই এলাকায় গুলির শব্দ শোনা গেছে বলে জানতে পেরেছি। তবে আমার ভাইকে মিয়ানমারের সশস্ত্র কোনো বাহিনী ধরে নিয়ে গেছে নাকি হত্যা করেছে, তা নির্দিষ্টভাবে জানাতে পারিনি। বিষয়টি বিজিবিকে জানিয়েছি।
নিখোঁজ জেলের সন্ধানে পরিবারের সদস্যরা উদ্বেগ-উৎকণ্ঠার মধ্যে সময় পার করছেন।





