বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচের আগে বড় ধাক্কা খেয়েছে আর্জেন্টিনা জাতীয় ফুটবল দল। চোটের কারণে ছিটকে গেছেন দলের নিয়মিত লেফটব্যাক নিকোলাস তালিয়াফিকো। ফলে প্রথম একাদশে নতুন করে পরিকল্পনা সাজাতে হচ্ছে কোচ লিওনেল স্কালোনিকে।
দলটির সামনে এখন সবচেয়ে বড় প্রশ্ন রক্ষণভাগে। তালিয়াফিকোর স্বাভাবিক বিকল্প না থাকায় দুটি বিকল্প নিয়ে ভাবছে কোচিং স্টাফ—ফাকুন্দো মেদিনা অথবা লিসান্দ্রো মার্টিনেজ। দুজনই মূলত বাঁ-পায়ের সেন্টারব্যাক হলেও প্রয়োজনে লেফটব্যাক হিসেবেও খেলতে পারেন।
তবে সিদ্ধান্তটি নির্ভর করছে আর্জেন্টিনার সেন্টারব্যাক জুটির ওপর। হাঁটুর চোট কাটিয়ে ফেরা ক্রিস্টিয়ান রোমেরো প্রথম একাদশে থাকছেন প্রায় নিশ্চিতভাবেই। কিন্তু তার সঙ্গী হিসেবে খেলবেন কে—নিকোলাস ওটামেন্ডি নাকি লিসান্দ্রো মার্টিনেজ—সেটিই এখন বড় প্রশ্ন।
যদি ওতামেন্দিকে খেলানো হয়, তাহলে মার্টিনেজকে লেফটব্যাকে নেওয়ার সম্ভাবনা বেশি। অন্যদিকে মার্টিনেজ যদি রোমেরোর সঙ্গী হিসেবে সেন্টারব্যাকে খেলেন, তাহলে তালিয়াফিকোর জায়গায় সুযোগ পাবেন মেদিনা।
আইসল্যান্ডের বিপক্ষে ৩-০ গোলের জয়ের পর স্কালোনি এ নিয়ে খোলামেলা মন্তব্য করেন। তিনি বলেন, “কোচ হিসেবে আমার সবচেয়ে কঠিন কাজ হচ্ছে সিদ্ধান্ত নেওয়া। অনেক খেলোয়াড়ই খেলার যোগ্য, কিন্তু মাঠে নামতে পারে মাত্র ১১ জন।”
তিনি আরও বলেন, “লাউতারো নাকি হুলিয়ান—এই সিদ্ধান্তও একই রকম কঠিন। আমরা এখনো নিশ্চিত নই কে খেলবে।”
আর্জেন্টিনার আক্রমণভাগেও চলছে তীব্র প্রতিযোগিতা। মূল স্ট্রাইকার পজিশনের জন্য লড়ছেন লাউতারো মার্টিনেজ এবং হুলিয়ান আলভারেজ। দুজনের পারফরম্যান্সই কাছাকাছি হওয়ায় চূড়ান্ত সিদ্ধান্ত নিতে সময় নিচ্ছেন স্কালোনি।
বিশ্বকাপের আগে এখনো চারটি অনুশীলন সেশন হাতে রয়েছে আর্জেন্টিনার। তাই শেষ মুহূর্ত পর্যন্ত একাদশে পরিবর্তনের সম্ভাবনা থাকছেই।
আলজেরিয়া ম্যাচের জন্য আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ:
এমিলিয়ানো মার্টিনেজ, নাহুয়েল মোলিনা, ক্রিস্টিয়ান রোমেরো, নিকোলাস ওটামেন্ডি/লিসান্দ্রো মার্টিনেজ, ফাকুন্দো মেদিনা/লিসান্দ্রো মার্টিনেজ, রদ্রিগো ডি পল, এনজো ফার্নান্দেজ, আলেক্সিস ম্যাক আলিস্টার, থিয়াগো আলমাদা, লিওনেল মেসি, হুলিয়ান আলভারেজ/লাউতারো মার্টিনেজ।
সূত্র: টিওয়াইসি স্পোর্টস





