ক্রিকেটার নাঈম হাসানকে মারধর: ওসি প্রত্যাহার

জাতীয় দলের ক্রিকেটার নাঈম হাসানকে ডিবি পরিচয় দিয়ে মারধর ও থানায় নিয়ে যাওয়ার ঘটনায় অবশেষে বড় পদক্ষেপ নিয়েছে চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি)। দায়িত্ব অবহেলার দায়ে নগরীর খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমানকে তাৎক্ষণিকভাবে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।

শনিবার (১৩ জুন) রাতে সিএমপি কমিশনার হাসান মো. শওকত আলী প্রত্যাহারের এই আদেশ দেন।

সিএমপির সহকারী কমিশনার (গণমাধ্যম) আমিনুর রশিদ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, খুলশী থানার ওসিকে প্রত্যাহারের পাশাপাশি সিএমপির থানা পর্যায়ে কিছু রদবদল করা হয়েছে। খুলশী থানার নতুন দায়িত্ব দেওয়া হয়েছে বাকলিয়া থানার ওসি মোহাম্মদ সোলাইমানকে। অন্যদিকে, বাকলিয়া থানার নতুন ওসি হিসেবে দায়িত্ব পেয়েছেন সিএমপির বিশেষ শাখার পরিদর্শক জাহিদুল কবির।

এর আগে গত শুক্রবার রাতে বাসায় ফেরার পথে লালখান বাজার এলাকায় এক অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির শিকার হন ক্রিকেটার নাঈম হাসান। খুলশী থানা পুলিশের একটি দল ডিবি (গোয়েন্দা শাখা) পরিচয় দিয়ে তাকে সিএনজি অটোরিকশা থেকে নামিয়ে দেয় এবং মারধর করে থানায় নিয়ে যায়। একজন জাতীয় দলের ক্রিকেটারের সাথে পুলিশের এমন অপেশাদার আচরণের খবর জানাজানি হলে সামাজিক যোগাযোগ মাধ্যম ও ক্রীড়াঙ্গনে তীব্র সমালোচনা ও ক্ষোভের ঝড় ওঠে।

ঘটনার প্রাথমিক সত্যতা মেলায় শুক্রবার রাতেই খুলশী থানার উপপরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম ও কনস্টেবল মো. রাসেল চৌধুরীকে সাময়িক বরখাস্ত করে দামপাড়া পুলিশ লাইনে সংযুক্ত করা হয়। সিএমপি কমিশনার জানিয়েছেন, এই ঘটনার পেছনে থাকা পুলিশের সোর্স সোহেলকেও ইতিমধ্যেই আটক করা হয়েছে। পুরো ঘটনাটি খতিয়ে দেখতে এবং দায়ীদের বিরুদ্ধে চূড়ান্ত ব্যবস্থা নিতে সিএমপির পক্ষ থেকে তিন সদস্যের একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।