তামিল সুপারস্টার থেকে রাজনীতিক ও বর্তমানে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী বিজয়ের জন্মদিন উপলক্ষ্যে ভক্তদের জন্য বিশেষ আকর্ষণ হিসেবে প্রেক্ষাগৃহে ফের মুক্তি পাচ্ছে ২০১৭ সালে মুক্তিপ্রাপ্ত তার অন্যতম জনপ্রিয় ছবি ‘মার্সাল’।
ছবিটি ১৯ জুন থেকে প্রেক্ষাগৃহে দেখানো শুরু হবে এবং ২২ জুন বিজয়ের জন্মদিন উপলক্ষে চেন্নাই ও চেঙ্গালপাট্টুর নির্বাচিত সিনেমা হলে পুনর্মুক্তি হবে।
২০১৭ সালে মুক্তিপ্রাপ্ত অ্যাটলি পরিচালিত ‘মার্সাল’ ছিল বিজয়ের ক্যারিয়ারের অন্যতম বড় সাফল্য। ছবিতে তিনি একসঙ্গে তিনটি চরিত্রে অভিনয় করেন—একজন বাবা ও তাঁর দুই ছেলে।
গল্পের কেন্দ্রে আছেন চিকিৎসক মারান, যিনি সাধারণ মানুষের কাছ থেকে নামমাত্র ফি নেন। কিন্তু তাঁর আরেকটি পরিচয়ও আছে। তিনি একজন জাদুকর ও ন্যায়বিচারক, যিনি চিকিৎসা খাতের দুর্নীতি, প্রতারণা ও অনিয়মের বিরুদ্ধে লড়াই করেন। একপর্যায়ে তাঁর অতীতের নানা রহস্য উন্মোচিত হতে শুরু করে, যা গল্পকে নিয়ে যায় নাটকীয় মোড়ে।
‘মার্সাল’-এ বিজয়ের সঙ্গে অভিনয় করেছেন সামান্থা রুথ প্রভু, কাজল আগরওয়াল, নিত্যা মেনন, এস জে সূর্য, সত্যরাজ, ভাদিভেলু, কোভাই সারালা, হারিশ পেরাডি ও আরও অনেকে।
বিশেষ করে খলচরিত্রে এস জে সূর্যের অভিনয় ব্যাপক প্রশংসা কুড়িয়েছিল। অন্যদিকে তিন নায়িকার উপস্থিতি ছবিকে আরও বাণিজ্যিক আবেদন দেয়।
‘মার্সাল’ ছিল বিজয় ও অ্যাটলির দ্বিতীয় যৌথ কাজ। এর আগে তাঁরা ‘থেরি’ দিয়ে বড় সাফল্য পেয়েছিলেন। পরে এই জুটি আবারও একসঙ্গে কাজ করেন ‘বিগিল’-এ।
অনেকের মতে, অ্যাটলির পরিচালনায় বিজয়ের ‘ম্যাস’ ইমেজ নতুন উচ্চতায় পৌঁছায়। ‘মার্সাল’ সেই ধারারই সবচেয়ে সফল উদাহরণগুলোর একটি।
ছবিটির আরেকটি বড় আকর্ষণ ছিল এ আর রাহমানের সুর। ‘আলাপ্পোরান তামিঝান’, ‘মাচ্চো’, ‘নিথানায়ে’সহ গানগুলো মুক্তির পর ব্যাপক জনপ্রিয়তা পায়। রহমানের সংগীত ছবির আবেগ ও বাণিজ্যিক আবেদন দুটোই বাড়িয়ে দেয়।
সাফল্যের পাশাপাশি ‘মার্সাল’ বিতর্কেরও জন্ম দিয়েছিল। ছবিতে চিকিৎসাব্যবস্থা ও করনীতি নিয়ে কিছু সংলাপ রাজনৈতিক মহলে আলোচনার বিষয় হয়ে ওঠে। এ ছাড়া জাদুকরদের সংগঠনের পক্ষ থেকেও ছবির কিছু অংশ নিয়ে আপত্তি জানানো হয়েছিল।
তবে এসব বিতর্ক শেষ পর্যন্ত ছবির জনপ্রিয়তা কমাতে পারেনি; বরং আলোচনায় থাকার কারণে দর্শকের আগ্রহ আরও বেড়েছিল।
দীপাবলি উপলক্ষে ১৮ অক্টোবর ২০১৭ সালে মুক্তি পাওয়া ‘মার্সাল’ বিশ্বব্যাপী প্রায় ২০০ কোটি রুপি আয় করে। এটি সেই সময়ের সবচেয়ে সফল তামিল ছবিগুলোর একটি ছিল। আরও একটি উল্লেখযোগ্য অর্জন হলো—‘মার্সাল’ ছিল প্রথম তামিল ছবি, যা চীনে মুক্তি পেয়েছিল।
৯ বছর পেরিয়ে গেলেও ‘মার্সাল’-এর জনপ্রিয়তা কমেনি। এর কারণ শুধু বিজয়ের তারকাখ্যাতি নয়; ছবির মধ্যে সামাজিক বার্তা, আবেগ, অ্যাকশন, পারিবারিক নাটক ও বিনোদনের এমন মিশেল রয়েছে, যা আজও দর্শকদের আকর্ষণ করে।
বিশেষ করে বর্তমান সময়ে বিজয় যখন সক্রিয়ভাবে রাজনীতিতে যুক্ত এবং মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালন করছেন, তখন তাঁর পুরোনো জনপ্রিয় ছবিগুলোর প্রতি ভক্তদের আবেগ আরও বেড়েছে।
বিজয়ের শেষ সিনেমা হিসেবে ঘোষিত ‘জনা নায়াগান’ নিয়ে এখনো স্পষ্ট কোনো মুক্তির তারিখ ঘোষণা করা হয়নি। ফলে ভক্তদের জন্য ‘মার্সাল’-এর পুনর্মুক্তি যেন একধরনের সান্ত্বনা।
অনেকেই মনে করছেন, রাজনৈতিক ব্যস্ততার কারণে বিজয় হয়তো আর নিয়মিত অভিনয়ে ফিরবেন না। তাই বড় পর্দায় তাঁকে দেখার প্রতিটি সুযোগ এখন ভক্তদের কাছে আরও মূল্যবান।





