বিশ্বকাপে প্রথম ম্যাচে নেমেই মেসির রেকর্ড ছুঁয়ে ফেললেন ‍কেইন

চলমান বিশ্বকাপে ক্রোয়েশিয়ার বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচেই আলো ছড়িয়েছেন ইংলিশ স্ট্রাইকার হ্যারি কেইন। জোড়া গোল দিয়ে দলকে জিতিয়েছেন ৪-২ গোলের ব্যবধানে। এর মধ্যে প্রথম গোলটি তিনি দিয়েছেন পেনাল্টি থেকে। তাতেই মেসির একটি রেকর্ডে ভাগ বসিয়েছেন ইংল্যান্ড অধিনায়ক। প্রতিবেদন বেইন স্পোর্টসের।

বিশ্বকাপের ইতিহাসে পেনাল্টি নেয়ার সংখ্যায় এখন যৌথভাবে শীর্ষে রয়েছেন হ্যারি কেইন ও লিওনেল মেসি। পরিসংখ্যান বিশ্লেষক মিস্টারচিপের তথ্য অনুযায়ী, অতিরিক্ত সময়ের পর টাইব্রেকারে নেয়া পেনাল্টি এই হিসাবের মধ্যে ধরা হয়নি।

ক্রোয়েশিয়ার বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচে সফল পেনাল্টির মাধ্যমে বিশ্বকাপে নিজের নেয়া পেনাল্টির সংখ্যা ছয়ে নিয়ে যান কেইন। এর মধ্যে পাঁচটিতে গোল করেছেন তিনি, আর একটি শট লক্ষ্যভ্রষ্ট হয়েছে।

অন্যদিকে মেসিও বিশ্বকাপে ছয়টি পেনাল্টি নিয়েছেন। আর্জেন্টাইন মহাতারকা চারটি পেনাল্টি থেকে গোল করেছেন, আর দুটি শট প্রতিপক্ষ গোলরক্ষক ঠেকিয়ে দিয়েছেন।

এই তালিকায় যোগ দেয়ার সুযোগ রয়েছে ক্রিশ্চিয়ানো রোনালদোরও। পর্তুগিজ তারকা বিশ্বকাপে এখন পর্যন্ত চারটি পেনাল্টি নিয়েছেন। ২০২৬ বিশ্বকাপে আরও দুটি পেনাল্টির সুযোগ পেলে কেইন ও মেসির রেকর্ডে ভাগ বসাতে পারবেন তিনি।

বিশ্বকাপ ইতিহাসে সবচেয়ে বেশি পেনাল্টি নেয়া খেলোয়াড়

লিওনেল মেসি: ৬টি (৪ গোল, ২টি সেভ)
হ্যারি কেইন: ৬টি (৫ গোল, ১টি লক্ষ্যভ্রষ্ট)
ইউসেবিও: ৪টি (৪ গোল)
রব রেন্সেনব্রিঙ্ক: ৪টি (৪ গোল)
গ্যাব্রিয়েল বাতিস্তুতা: ৪টি (৪ গোল)
ক্রিশ্চিয়ানো রোনালদো: ৪টি (৩ গোল, ১টি সেভ)
আসামোয়া জিয়ান: ৪টি (২ গোল, ১টি পোস্টে, ১টি ক্রসবারে)