বগুড়ায় দুই ট্রাকের সংঘর্ষে চালক নিহত

বগুড়ায় দুই ট্রাক মুখোমুখি সংঘর্ষে চালক নিহত হয়েছেন। এতে ট্রাকচালকের সহকারী আহত হয়েছেন। বৃহস্পতিবার (১৮ জুন) ভোর রাত সাড়ে তিনটার দিকে বগুড়া-নওগাঁ মহাসড়কে দুপচাঁচিয়া উপজেলার তিশিগাড়ী এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

নিহত ট্রাক চালকের নাম আনোয়ার হোসেন(৩০)। তিনি নওগাঁর পত্নীতলা উপজেলার হাশেমপুর এলাকার মৃত সালাউদ্দিনের ছেলে। এ ঘটনায় গুরুতর আহত চালকের সহকারি হৃদয় হোসেন(২৪) শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

দুপচাঁচিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজলিমুর রহমান এতথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, নওগাঁ থেকে নোয়াখালীগামী একটি আমবোঝাই ট্রাকের সাথে বগুড়া থেকে নওগাঁগামী একটি বালুবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে ঘটনাস্থলেই আমবোঝাই ট্রাকের চালক আনোয়ার হোসেন মারা যান এবং তার সাথে থাকা সহকারী হৃদয় গুরুতর আহত হন। পরে হৃদয়কে স্থানীয় হাসপাতালে নিলে তাকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

তিনি আরও বলেন, মরদেহ সকালে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় দুইটি ট্রাক জব্দ করা হয়েছে৷ তবে বালুবাহী ট্রাকে থাকা চালক ও হেলপার পালিয়ে যাওয়ায় তাদের আটক করা যায়নি৷ এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।