‘আলফা’ ট্রেলার দেখে বিভক্ত দর্শক, সমালোচনায় আলিয়া ভাট

আলিয়া ভাট ও শারভারি অভিনীত যশ রাজ ফিল্মসের স্পাই ইউনিভার্সের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘আলফা’-এর ট্রেলার অবশেষে প্রকাশিত হয়েছে। অ্যাকশন ও নাটকীয়তায় ভরপুর ট্রেলারটি দর্শকদের একাংশের আগ্রহ বাড়ালেও, প্রধান দুই অভিনেত্রীকে অ্যাকশন চরিত্রে মানিয়েছে কি না—এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে ব্যাপক আলোচনা।

বুধবার ট্রেলার প্রকাশের পরপরই রেডিটে দর্শকদের প্রতিক্রিয়ায় ভরে যায় বিভিন্ন আলোচনা থ্রেড। কেউ ববি দেওল ও হৃতিক রোশনের উপস্থিতির প্রশংসা করেছেন, আবার অনেকে আলিয়া ভাটের কাস্টিং এবং অ্যাকশন দৃশ্য নিয়ে সমালোচনা করেছেন।

অনেকের মতে, এই ধরনের চরিত্রে আলিয়াকে মানায়নি। এক ব্যবহারকারী লিখেছেন, এ ধরনের চরিত্র আলিয়ার সঙ্গে যায় না। তার এমন চরিত্র করা বন্ধ করা উচিত।

আরেকজনের মন্তব্য, এই চরিত্রে আলিয়া পুরোপুরি ভুল নির্বাচন। অ্যাকশন দৃশ্যগুলোও দুর্বল, এ সিনেমা দেখার মতো নয়।

কিছু দর্শকের অভিযোগ, ট্রেলারেই সিনেমার গল্পের অনেকটাই প্রকাশ করে দেওয়া হয়েছে। একজন লিখেছেন, শার্বরীর প্রবেশ দৃশ্য দেখে আগ্রহ তৈরি হয়েছিল। কিন্তু পরে পুরো গল্পই ট্রেলারে দেখিয়ে দেওয়া হয়েছে। এতে সিনেমাটি ক্ষতিগ্রস্ত হতে পারে।

অ্যাকশন দৃশ্য নিয়েও সমালোচনা করেছেন অনেকে। একজনের ভাষ্য, দুই অভিনেত্রীকেই অ্যাকশন চরিত্রে বিশ্বাসযোগ্য লাগেনি। দৃশ্যগুলো খুব একটা সিরিয়াস মনে হয়নি।

তবে সব প্রতিক্রিয়াই নেতিবাচক ছিল না। অনেকেই ববি দেওলের পর্দা উপস্থিতি এবং শার্বরীর অভিনয়ের প্রশংসা করেছেন। একজন লিখেছেন, আলিয়ার চেয়ে ববিকে অনেক ভালো লেগেছে। ট্রেলার দেখে শার্বরীকে নিয়েও আশাবাদী। আর হৃতিকের ক্যামিও দেখিয়ে উত্তেজনা আরও বাড়িয়ে দেওয়া হয়েছে।

আরেকজন মন্তব্য করেন, ‘ধুরন্ধর’-এর সঙ্গে তুলনা করার প্রয়োজন নেই। সিনেমাটির ট্রেলার প্রত্যাশার চেয়ে ভালো লেগেছে। ভিএফএক্সও আশাব্যঞ্জক। ববির চরিত্রেও যথাযথ তীব্রতা রয়েছে।

আরেক দর্শকের ভাষায়, ট্রেলারটি আমার ভালো লেগেছে। ববিকে দুর্দান্ত দেখাচ্ছে। শুধু তার হরিয়ানভি উচ্চারণ নিয়ে কিছুটা আপত্তি আছে। শার্বরীকে এমন চরিত্রে দেখার অপেক্ষায় আছি। আর হৃতিক রোশন এলে হল যেন স্টেডিয়ামে পরিণত হবে।

ট্রেলারের শুরুতে দেখা যায়, কাচের আড়ালে থাকা এক শিশুর নাম সীতা রাখছেন ফতেহ (ববি দেওল)। এরপর দ্রুতগতির দৃশ্যে দেখা যায়, কীভাবে তিনি সীতাকে ভয়ংকর এক ঘাতকে পরিণত করেন।

সিনেমাটিতে রামায়ণের প্রচলিত কাহিনিকে ভিন্নভাবে উপস্থাপন করা হয়েছে। আলিয়া ভাটের ভয়েসওভারে শোনা যায়, একসময় এক রাক্ষস (ফতেহ) এক রাজকন্যাকে (সীতা) অপহরণ করেছিল। কিন্তু এবার তাকে উদ্ধার করতে কোনো রাম আসবে না; বরং সীতাই লঙ্কা জ্বালিয়ে দেবে।

ট্রেলারজুড়ে রয়েছে একের পর এক অ্যাকশন দৃশ্য। পরে শার্বরীর প্রবেশ এবং আলিয়ার সঙ্গে তার মুখোমুখি লড়াই নজর কাড়ে। অনিল কাপুরকে দেখা যায় দুই এজেন্টের পথপ্রদর্শকের ভূমিকায়। অন্যদিকে ফতেহ একজন সাবেক গুপ্তচর, যিনি প্রতিশোধের নেশায় রাষ্ট্রের বিরুদ্ধেই অবস্থান নেন।

ট্রেলারের শেষ মুহূর্তে দেখা যায় শুধু হৃতিক রোশনের সবুজ চোখ। তিনি ‘ওয়ার’ ও ‘ওয়ার ২’-এর জনপ্রিয় চরিত্র মেজর কবির ধালিওয়াল হিসেবে ক্যামিওতে হাজির হয়ে আলিয়া ও শারভারির অভিযানে যোগ দেন।

প্রথমে গত বছরের ২৫ ডিসেম্বর মুক্তির কথা থাকলেও পরে তা পিছিয়ে চলতি বছরের এপ্রিল নির্ধারণ করা হয়। শেষ পর্যন্ত ৩ জুলাই প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ‘আলফা’।