অনুশীলনে ফিরলেন নেইমার, স্কটল্যান্ডের বিপক্ষে খেলবেন?

হাইতির বিপক্ষে ৩-০ গোলের জয়ের পর গতকাল (২০ জুন) সুখবরটা ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তি নিজেই দিয়েছিলেন। আজ (রোববার) নেইমার সত্যি সত্যিই অনুশীলনে ফিরেছেন। কাফের চোটের কারণে গ্রুপ পর্বের প্রথম দুই ম্যাচ মিস করলেও স্কটল্যান্ডের বিপক্ষে মহাগুরুত্বপূর্ণ ম্যাচের আগে এই ৩৪ বছর বয়সীকে মাঠে ফেরানোর প্রস্তুতি চলছে।

আজ নিউ জার্সিতে নেইমারকে আবার বল নিয়ে অনুশীলন করতে দেখা গেছে। পুনর্বাসনের শেষ ধাপে থাকা এই তারকার মাঠে ফেরার দৃশ্য ব্রাজিল সমর্থকদের মধ্যে নতুন আশার সঞ্চার করেছে। টুর্নামেন্টের শুরু থেকেই তিনি দলের বাইরে ছিলেন, তবে বল নিয়ে ড্রিল করার ভিডিও ছড়িয়ে পড়ার পর অনেকেই বিশ্বাস করছেন যে ব্রাজিলের নাম্বার টেন অবশেষে মাঠে নামার জন্য প্রস্তুত।

হাইতির বিপক্ষে ম্যাচের পর দলের বেশিরভাগ খেলোয়াড় যখন কলাম্বিয়া পার্ক ট্রেনিং সেন্টারে ইনডোর রিকভারি সেশনে অংশ নিচ্ছিলেন, তখন মাঠে আলাদা অনুশীলন করেন নেইমার ও ফুল-ব্যাক অ্যালেক্স সান্দ্রো। দ্বিতীয়-স্তরের কাফ ইনজুরিতে আক্রান্ত হওয়ায় প্রথমে তার সুস্থ হতে দুই থেকে তিন সপ্তাহ সময় লাগবে বলে ধারণা করা হয়েছিল। কিন্তু প্রত্যাশার চেয়ে দ্রুত উন্নতি হওয়ায় তার ফেরার পথ অনেকটাই পরিষ্কার হয়েছে।

হাইতির বিপক্ষে ব্রাজিলের জয়ের পর কোচ আনচেলত্তি ভক্তদের বহু প্রতীক্ষিত আপডেট জানান। ইতালিয়ান এই কোচ শুরু থেকেই সতর্ক ছিলেন, তবে নিশ্চিত করেছেন যে নেইমারের দলে ফেরার প্রক্রিয়া এখন শেষ পর্যায়ে।

আনচেলোত্তি বলেন, ‘নেইমার আগামীকাল ব্যক্তিগতভাবে অনুশীলন করবে এবং সোমবার দলের সঙ্গে পূর্ণাঙ্গ অনুশীলনে যোগ দেবে। স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচের জন্য সে উপলব্ধ থাকবে।’

এই খবর ব্রাজিলকে বড় কৌশলগত শক্তি যোগাবে। কারণ দলটি এখন পর্যন্ত তাদের সর্বকালের সর্বোচ্চ গোলদাতাকে ছাড়াই গ্রুপ পর্বে খেলেছে।

চোটের দুশ্চিন্তা থাকলেও ব্রাজিল শিবিরে আত্মবিশ্বাস এখন তুঙ্গে। হাইতির বিপক্ষে ৩-০ গোলের জয়ে মাথেউস কুনিয়া ও ভিনিসিউস জুনিয়র গোল করেন। মরক্কোর সঙ্গে ড্র করার পর এই জয় পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের ছন্দে ফিরতে সাহায্য করেছে। চার পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে থাকা ব্রাজিল স্কটল্যান্ডের বিপক্ষে হার এড়াতে পারলেই নকআউট পর্বে ওঠার সম্ভাবনা প্রায় নিশ্চিত হয়ে যাবে।

মাঠে ও ড্রেসিংরুমে নেইমারের উপস্থিতি দলের জন্য মানসিক দিক থেকেও বড় প্রেরণা। সবকিছু পরিকল্পনা অনুযায়ী চললে, অভিজ্ঞ এই ফরোয়ার্ড বৃহস্পতিবার (২৫ জুন) মায়ামিতে স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচে মাঠে ফিরবেন। এতে ব্রাজিল পূর্ণশক্তির আক্রমণভাগ নিয়ে শেষ গ্রুপ ম্যাচে নামতে পারবে এবং নকআউট পর্বে যাওয়ার আগে আরও আত্মবিশ্বাস অর্জন করবে।