ব্রাজিল-আর্জেন্টিনা দ্বন্দ্ব নিয়ে খোলামেলা মন্তব্য তটিনীর

ফুটবল বিশ্বকাপ ঘিরে বাংলাদেশে যেমন বাড়ছে উন্মাদনা, তেমনি আলোচনায় আসছেন শোবিজ অঙ্গনের তারকারাও। প্রিয় দল নিয়ে প্রকাশ্যে মত দিচ্ছেন অনেকে। সেই তালিকায় এবার উঠে এলেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী।

সম্প্রতি এক সাক্ষাৎকারে তটিনী জানান, ছোটবেলা থেকেই তিনি ব্রাজিল ফুটবল দলের সমর্থক। পরিবারেও ব্রাজিলের প্রতি সমর্থনের ধারাবাহিকতা রয়েছে বলে জানান তিনি। তবে একই সঙ্গে আর্জেন্টিনা বা তাদের সমর্থকদের প্রতি কোনো ধরনের বিদ্বেষ নেই বলেও স্পষ্ট করেন এই অভিনেত্রী।

তটিনী বলেন, “অনেকে বলে আমি আর্জেন্টিনা, অনেকে বলে আমি ব্রাজিল। আসলে আমি একদম ছোটবেলা থেকেই ব্রাজিলের সাপোর্টার। আমাদের পুরো পরিবারই ব্রাজিল সমর্থন করে। আমার ভাই, ভাবি, মামা-মামি সবাই ব্রাজিলের ভক্ত।”

বাংলাদেশে ব্রাজিল–আর্জেন্টিনা সমর্থকদের মধ্যে দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বিতা নিয়েও নিজের অবস্থান জানান তিনি। তটিনীর মতে, অনেক সময় এই প্রতিদ্বন্দ্বিতা অপ্রয়োজনীয় ঘৃণায় রূপ নেয়, যা খেলাধুলার চেতনার সঙ্গে যায় না।

তিনি বলেন, “আমি একটা জিনিস বুঝি না। বাংলাদেশে ফুটবল মানেই যেন কে কাকে বেশি হেট করবে। আর্জেন্টিনা জিতলে ব্রাজিলের সমর্থকদের সমস্যা, আবার ব্রাজিল জিতলে আর্জেন্টিনার সমর্থকদের। কিন্তু আমি একজন দর্শক হিসেবে আর্জেন্টিনাকে খুব পছন্দ করি।”

আর্জেন্টিনা দল ও তাদের তারকা খেলোয়াড় লিওনেল মেসির প্রশংসাও করেন এই অভিনেত্রী। তটিনী বলেন, “আমি আর্জেন্টিনা দলকে অনেক ভালোবাসি, বিশেষ করে মেসিকে। তিনি অসাধারণ একজন খেলোয়াড়। মানুষ কেন তাকে বা এই দলটাকে ঘৃণা করবে, সেটা আমি বুঝি না।”

তিনি আরও জানান, প্রতিদ্বন্দ্বিতা থাকলেও খেলাকে খেলার মতোই দেখা উচিত এবং উপভোগ করা উচিত। তাঁর মতে, ফুটবলকে ঘিরে অযথা বিভাজন বা ঘৃণা তৈরি হওয়া কখনোই কাম্য নয়। তটিনীর এই মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ইতোমধ্যেই ফুটবলপ্রেমীদের মধ্যে আলোচনা তৈরি করেছে।