মার্কিন হামলার পরও সিরিক বন্দরে কোনও ক্ষয়ক্ষতি হয়নি: ইরানি গণমাধ্যম

যুক্তরাষ্ট্রের সর্বশেষ হামলার পরও ইরানের দক্ষিণাঞ্চলের সিরিক বন্দরে কোনও ধরনের ক্ষয়ক্ষতি হয়নি বলে দাবি করেছে দেশটির রাষ্ট্রীয় ঘনিষ্ঠ সংবাদমাধ্যম।

ইরানের মেহের নিউজ এজেন্সি জানিয়েছে, পূর্ব হরমুজগান প্রদেশের বন্দর কর্তৃপক্ষের প্রধান বলেছেন, সিরিক বন্দরে যুক্তরাষ্ট্রের হামলার ফলে কোনও অবকাঠামোগত ক্ষতি হয়নি এবং বন্দরের কার্যক্রম স্বাভাবিকভাবে চলছে।

সংবাদমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়, হামলার সময় বন্দরের ভেতরে বিস্ফোরণের শব্দ শোনা যাওয়ার খবর পাওয়া গেলেও বন্দরের যন্ত্রপাতি বা স্থাপনায় কোনও ক্ষয়ক্ষতির প্রমাণ মেলেনি। ফলে স্বাভাবিক কার্যক্রমে কোনও বিঘ্ন ঘটেনি।

যুক্তরাষ্ট্রের এই হামলার খবর আসে আগের দিনের একটি ঘটনার পর। ওই ঘটনায় একটি পণ্যবাহী জাহাজে ইরানের একটি ড্রোন আঘাত হানে বলে অভিযোগ করে ওয়াশিংটন। এর জবাব হিসেবে যুক্তরাষ্ট্র ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে নতুন করে হামলা চালায়।

তবে ইরানি কর্তৃপক্ষের দাবি, সিরিক বন্দরে হামলার পরও বন্দরটি সম্পূর্ণ সচল রয়েছে এবং সেখানে কোনও ধরনের কার্যক্রম বন্ধ হয়নি।

এদিকে, যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলা এবং তার জবাবে ইরানের পাল্টা পদক্ষেপকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বেড়েছে। পরিস্থিতি ঘিরে আন্তর্জাতিক মহল গভীর উদ্বেগ প্রকাশ করছে। সূত্র: আল-জাজিরা