ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে চলন্ত বাসে আগুন

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সিগঞ্জের কুচিয়ামোড়া এলাকার ধলেশ্বরী সেতুর ওপর একটি চলন্ত যাত্রীবাহী বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের দ্রুত তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

সোমবার (২৯ জুন) রাত ১১টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে— বাসটি ঢাকার গুলিস্তান থেকে যাত্রী নিয়ে মাওয়ার উদ্দেশ্যে যাচ্ছিল। ধলেশ্বরী সেতুর ওপর পৌঁছামাত্র ‘এভারগ্রিন পরিবহন’ নামের বাসটিতে হঠাৎ আগুন ধরে যায়।

রাত ১১টার পরপরই সিরাজদিখান ফায়ার স্টেশনের সেন্ট্রি পোস্টে খবর দেওয়া হলে দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। ফায়ার ফাইটারদের স্বল্প সময়ের প্রচেষ্টায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে।

উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, চলন্ত বাসে আগুন লাগার পরপরই চালক বাসটি থামিয়ে দেন। এ সময় বাসের ভেতরে থাকা সব যাত্রী দ্রুত ও নিরাপদে নেমে যেতে সক্ষম হন। ফলে একটি বড় ধরনের বিপর্যয় ও প্রাণহানি এড়ানো সম্ভব হয়েছে।

ফায়ার সার্ভিসের পক্ষ থেকে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বাসের অভ্যন্তরীণ বৈদ্যুতিক গোলযোগ (শর্ট সার্কিট) থেকে এই আগুনের সূত্রপাত হয়েছে।

দুর্ঘটনা কবলিত বাসটি এক্সপ্রেসওয়ে থেকে সরিয়ে নেওয়ার পর বর্তমানে সড়কে যান চলাচল সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ।