ট্রাম্পের বরখাস্তের ক্ষমতা বহাল, মার্কিন সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায়

যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট এক গুরুত্বপূর্ণ রায়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অধীনস্থ সরকারি কর্মকর্তাদের বরখাস্ত করার সাংবিধানিক ক্ষমতা বহাল রেখেছে। তবে একই সঙ্গে পৃথক রায়ে কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের (ফেড) স্বাধীনতা অক্ষুণ্ন রাখার ওপর জোর দিয়েছে আদালত।

৬-৩ ভোটের সংখ্যাগরিষ্ঠ রায়ে আদালতের রক্ষণশীল বিচারপতিরা ডেমোক্রেটিক ফেডারেল ট্রেড কমিশনার রেবেকা স্লটারের করা আপিল খারিজ করেন। রায়ে বলা হয়, অধীনস্থ নির্বাহী কর্মকর্তাদের দায়িত্ব থেকে অপসারণের ক্ষেত্রে প্রেসিডেন্টের সাংবিধানিক কর্তৃত্ব রয়েছে।

এই রায়কে ট্রাম্প প্রশাসনের জন্য বড় আইনি বিজয় হিসেবে দেখা হচ্ছে। প্রশাসনিক কাঠামোয় পরিবর্তন এবং গুরুত্বপূর্ণ পদে নতুন নিয়োগের ক্ষেত্রে এটি প্রেসিডেন্টের ক্ষমতাকে আরও সুসংহত করবে বলে মনে করছেন বিশ্লেষকরা। রায়ের প্রতিক্রিয়ায় সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রাম্প একে ‘ঐতিহাসিক’ সিদ্ধান্ত বলে মন্তব্য করেন।

অন্যদিকে, ফেডারেল রিজার্ভের গভর্নর লিসা কুককে ঘিরে পৃথক মামলায় ৫-৪ ভোটে ভিন্ন সিদ্ধান্ত দেয় সুপ্রিম কোর্ট। আদালত জানায়, প্রেসিডেন্ট নির্দিষ্ট ও যৌক্তিক কারণ দেখাতে পারলে ফেড গভর্নরকে অপসারণ করতে পারবেন, তবে যথাযথ কারণ ছাড়া তা সম্ভব নয়।

রায়ে আদালত আরও উল্লেখ করে, বিশ্বের বৃহত্তম অর্থনীতির মুদ্রানীতি নির্ধারণকারী প্রতিষ্ঠান হিসেবে ফেডের কাঠামোগত স্বাধীনতা বাস্তব ও দৃশ্যমান—উভয় ক্ষেত্রেই বজায় রাখা জরুরি। পাশাপাশি লিসা কুককে আইন অনুযায়ী প্রাপ্য প্রক্রিয়াগত সুরক্ষা নিশ্চিত করার নির্দেশও দেওয়া হয়েছে।

রায়ের প্রতিক্রিয়ায় লিসা কুক বলেন, এই সিদ্ধান্ত কেন্দ্রীয় ব্যাংকের স্বাধীনতাকে আরও শক্তিশালী করেছে এবং রাজনৈতিক হস্তক্ষেপমুক্ত নীতিনির্ধারণের গুরুত্ব পুনর্ব্যক্ত করেছে।

উল্লেখ্য, অতীতে সুদের হার কমানোর দাবিতে ট্রাম্প প্রকাশ্যে ফেডের ওপর চাপ প্রয়োগ করেছিলেন। আর কুককে অপসারণের প্রচেষ্টা ফেডের ১১১ বছরের ইতিহাসে নজিরবিহীন ঘটনা হিসেবে বিবেচিত হচ্ছে।