চলচ্চিত্র জগতে গৌরবময় পাঁচ দশক পার করার পর রুপালি পর্দার আমূল পরিবর্তন নিয়ে মুখ খুলেছেন বলিউড শাহেনশাহ অমিতাভ বচ্চন। সম্প্রতি নিজের ব্লগে এক দীর্ঘ পোস্টে তিনি জানিয়েছেন, বর্তমান যুগের চলচ্চিত্র নির্মাণে অভিনয়শিল্পীরা চরিত্রের প্রস্তুতির জন্য অনেক বেশি সময় ও সুযোগ পান, যা তাদের সময়ে কল্পনারও বাইরে ছিল।
অমিতাভ বচ্চন লিখেছেন, আমাদের বা আমাদের পরবর্তী প্রজন্মের কাছে ‘প্রস্তুতি’ শব্দটির কোনো অস্তিত্ব বা ব্যাখ্যা ছিল না। এখন এটি চলচ্চিত্র জগতের একটি সাধারণ শব্দ, যার অর্থ কোনো কাজ শুরু করার আগে নিজেকে তৈরি করা। এখনকার সৃজনশীল শিল্পীরা একটি চরিত্রে মিশে যাওয়ার জন্য কতটা পরিশ্রম করেন- চেহারা, স্টাইল এবং চরিত্রের নিখুঁত বিশ্লেষণ করেন, তা দেখে আমি মুগ্ধ। নতুন প্রজন্মের এই পেশাদারত্বের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, বর্তমানের এই পদ্ধতিটি অত্যন্ত যুক্তিযুক্ত ও সুচিন্তিত।
নিজের ক্যারিয়ারের শুরুর দিনগুলোর স্মৃতিচারণা করে বিগ বি বলেন, সেই পুরনো দিনগুলোতে আমরা সবাই একই সঙ্গে ১০ থেকে ১৫টি ছবিতে কাজ করতাম। এমনকি অনেক সময় একই দিনে দুই থেকে তিনটি ছবির শুটিংও করতে হতো। ফলে একই দিনে এক চরিত্রের শুটিং শেষ করে অন্য চরিত্রের জন্য আলাদা করে প্রস্তুতি নেওয়ার কোনো সুযোগই থাকত না।
এক দিনে কিভাবে আলাদা আলাদা চরিত্রে অভিনয় করতেন—এমন প্রশ্নের জবাবে তিনি অকপটে বলেন, ‘ভাই সাহেব, এটা না করলে ভবিষ্যতে আর কাজ পাব কি না, সেই ভয় সব সময় তাড়া করে বেড়াত।
তাই পরিচালক আমাদের যা করতে বলতেন, আমরা আন্তরিকতার সঙ্গে সেটাই পর্দায় ফুটিয়ে তোলার চেষ্টা করতাম। এরপর মাসের পর মাস অপেক্ষা করতাম ছবি মুক্তির জন্য, দেখার জন্য যে আমরা আসলে কেমন অভিনয় করেছি।’





