এবার নিজের স্বাক্ষরিত ডলারের ছবি প্রকাশ করলেন ট্রাম্প

প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের কোনো প্রেসিডেন্টের স্বাক্ষর দেশটির কাগজের মুদ্রায় স্থান পেতে যাচ্ছে। স্থানীয় সময় শুক্রবার (৩রা জুলাই) মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজের স্বাক্ষরসংবলিত নতুন ১০০ ডলারের নোটের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছেন। এর আগে মার্কিন ট্রেজারি বিভাগ ঘোষণা দিয়েছিল, যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা বার্ষিকী উপলক্ষে বর্তমান প্রেসিডেন্টের স্বাক্ষর মার্কিন ডলারে যুক্ত করা হবে। খবর সিএনএনের।

ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট গত মার্চে এই ঐতিহাসিক সিদ্ধান্তের কথা জানান। ট্রাম্পের প্রকাশিত নতুন ১০০ ডলারের নোটের ছবিতে দেখা গেছে, ট্রেজারি সেক্রেটারি বেসেন্টের স্বাক্ষরের ঠিক ওপরে ট্রাম্পের নিজস্ব স্বাক্ষরটি জ্বলজ্বল করছে। এর আগে মার্কিন ডলারের নোটে কেবল ট্রেজারি সেক্রেটারি ও মার্কিন কোষাধ্যক্ষের স্বাক্ষর থাকার নিয়ম ছিল। সেখানে কখনোই কোনো বর্তমান প্রেসিডেন্টের স্বাক্ষর যুক্ত করা হয়নি।

মার্কিন কোষাধ্যক্ষ ব্র্যান্ডন বিচ গত মার্চের ঘোষণায় ট্রাম্পের প্রশংসা করে বলেছিলেন, যুক্তরাষ্ট্রের স্বর্ণযুগীয় অর্থনৈতিক পুনর্জাগরণের প্রধান স্থপতি হিসেবে ইতিহাসে প্রেসিডেন্টের অবদান অনস্বীকার্য। মার্কিন মুদ্রায় তার স্বাক্ষর মুদ্রণ করা কেবল উপযুক্তই নয়, বরং তার সম্পূর্ণ প্রাপ্য।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দীর্ঘদিন ধরেই যুক্তরাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ সরকারি নথি, ল্যান্ডমার্ক ও জাতীয় প্রতীকে নিজের নাম ও অবয়ব যুক্ত করার বিষয়টিকে বিশেষ ‘প্যাশন প্রজেক্ট’ হিসেবে নিয়ে কাজ করছেন। তার প্রশাসনের উদ্যোগে ইতোমধ্যেই মার্কিন যুক্তরাষ্ট্রের বিশেষ স্মারক পাসপোর্ট, ন্যাশনাল পার্কের পাস, ওয়াশিংটন ডিসির বিভিন্ন সংস্থার সামনের ব্যানার, ‘ইউএস ইনস্টিটিউট অব পিসের’ মতো সাংস্কৃতিক প্রতিষ্ঠান এবং শিশুদের জন্য তৈরি বিশেষ সরকারি বিনিয়োগ অ্যাকাউন্টে ট্রাম্পের নাম অথবা ছবি ব্যবহার করা হয়েছে। এছাড়া ফ্লোরিডার ‘পাম বিচ ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে’ নাম পরিবর্তন করে ট্রাম্পের নামে রাখা হয়েছে।

এদিকে মার্কিন কংগ্রেসের একাংশ আরও এক ধাপ এগিয়ে ট্রাম্পের ছবি বা প্রতিকৃতি ডলারে যুক্ত করার জোর প্রচেষ্টা চালাচ্ছে। যুক্তরাষ্ট্রের ২৫০তম বার্ষিকী উপলক্ষে ট্রাম্পের প্রতিকৃতি সংবলিত একটি নতুন ‘২৫০ ডলারের নোট’ বাজারে ছাড়ার জন্য কংগ্রেসে একটি বিলও উত্থাপন করা হয়েছে।

তবে মার্কিন আইন অনুযায়ী, কেবলমাত্র কোনো মৃত ব্যক্তির প্রতিকৃতিই মার্কিন মুদ্রা বা সিকিউরিটিজে স্থান পেতে পারে। এই আইনটি সংশোধনের জন্য প্রতিনিধি সভায় উত্থাপিত বিলে বলা হয়েছে, যারা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন বা করেছেন, তাদের ক্ষেত্রে এই নিয়মের ব্যতিক্রম করা যেতে পারে।