চাঁদপুরের পাইকারি মাছ বাজারে প্রায় তিন কেজি ওজনের একটি ইলিশ বিক্রি হয়েছে ২২ হাজার ৭৯৮ টাকায়। শনিবার (৪ জুলাই) দুপুরে মাছটি বিক্রির জন্য চাঁদপুর সরকারি মাছ বাজারের বড়স্টেশনে আনা হয়।
পরে রাজধানীর ঢাকার অনিক নামে এক ব্যবসায়ী বড় আকারের ইলিশটি কিনে নিয়ে যান। চাঁদপুর বড়স্টেশন পাইকারি মাছ বাজারের শান্তি আড়তের সম্রাট বেপারী জানান, প্রতি মণ ইলিশের দাম উঠেছে ৩ লাখ ৫ হাজার টাকা, অর্থাৎ প্রতি কেজির দাম ৭ হাজার ৬২৫ টাকা।
খোঁজ নিয়ে জানা গেছে, শুক্রবার রাতে নোয়াখালীর হাতিয়ার মেঘনা নদীতে জেলে সুজনের জালে ধরা পড়ে তিন কেজি ওজনের এই ইলিশ। পরে ভালো দাম পাওয়ার আশায় মাছটি চাঁদপুর সরকারি মাছ বাজারের বড়স্টেশনে আনা হয়।
এদিকে, ইলিশের পুরো মৌসুম এখনো শুরু না হলেও দক্ষিণাঞ্চলের সাগর ও উপকূলীয় নদ-নদীতে ছোট-বড় বিভিন্ন আকারের ইলিশ জেলেদের জালে ধরা পড়ছে। তবে বাজারে চাহিদা বেশি থাকায় এসব ইলিশ এখনো চড়া দামে বিক্রি হচ্ছে।





