নির্বাচনী তহবিলে ৭০ টাকা দেওয়া সেই রিনা স্নালকে নতুন ঘর উপহার দিলেন এমপি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় ভিক্ষা করে জমানো টাকা থেকে এক প্রার্থীর নির্বাচনী তহবিলে মাত্র ৭০ টাকা তুলে দিয়েছিলেন রিনা স্নাল (৭১)। তখন তাঁর এই ভালোবাসা নাড়া দিয়েছিল অনেককেই। নির্বাচনে বিজয়ী হয়ে সেই নিঃস্বার্থ ত্যাগের প্রতিদান দিতে ভোলেননি ময়মনসিংহ-১ (হালুয়াঘাট-ধোবাউড়া) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মো. সালমান ওমর রুবেল। নিজের প্রথম মাসের পুরো সম্মানীর (ভাতা) টাকা দিয়ে রিনা স্নালকে একটি নতুন পাকা ঘর তৈরি করে দিয়েছেন তিনি।

গতকাল শনিবার (৪ জুলাই) ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার গাজীরভিটা ইউনিয়নের সীমান্তঘেঁষা নামছাপাড়া গ্রামে আনুষ্ঠানিকভাবে বৃদ্ধার হাতে নতুন ঘরের চাবি হস্তান্তর করেন সংসদ সদস্য।

স্থানীয় বাসিন্দা ও পারিবারিক সূত্রে জানা গেছে, ভারতের মেঘালয় রাজ্য সীমানা সংলগ্ন নামছাপাড়া গ্রামের বাসিন্দা রিনা স্নালের স্বামী কেন্দ্র তজু কয়েক বছর আগে মারা যান। স্বামীর জীবদ্দশায় বাঁশ ও বেতের কাজ করে কোনোমতে সংসার চলত তাঁদের। স্বামী মারা যাওয়ার পর রিনা স্নাল কিছুদিন দিনমজুরি করলেও বয়সের ভার ও নানা শারীরিক অসুস্থতার কারণে একপর্যায়ে ভিক্ষাবৃত্তিকে জীবিকার একমাত্র উপায় হিসেবে বেছে নিতে বাধ্য হন। তাঁর একমাত্র ছেলে শান্ত স্নাল বিয়ের পর থেকে আলাদা থাকেন এবং বর্তমানে সিরাজগঞ্জে দিনমজুরের কাজ করেন। ফলে দীর্ঘদিন ধরে একটি জরাজীর্ণ ভাঙা ঘরে একাকী ও অত্যন্ত কষ্টে দিন পার করছিলেন এই বৃদ্ধা।

স্থানীয় বাসিন্দারা জানান, রিনা স্নালের দেখভাল করার মতো পরিবারে কেউ নেই। ভাঙা ঘরে ঝড়-বৃষ্টির মধ্যে তিনি চরম নিরাপত্তাহীনতায় থাকতেন। এখন একটি টেকসই নতুন ঘর পাওয়ায় তাঁর শেষ বয়সের নিরাপদ আশ্রয় নিশ্চিত হলো।

এ বিষয়ে সংসদ সদস্য মো. সালমান ওমর রুবেল বলেন, নির্বাচনী প্রচারণার সময় রিনা স্নাল অভাবের মধ্যেও ভিক্ষা করে পাওয়া টাকা থেকে ৭০ টাকা আমার নির্বাচনী তহবিলে দান করেছিলেন। তাঁর সেই সামান্য টাকার মূল্য আমার কাছে কোটি টাকার চেয়েও বেশি ছিল। সেই অকৃত্রিম ভালোবাসা ও বিশ্বাসের প্রতি শ্রদ্ধা জানিয়েই আমার প্রথম মাসের সরকারি সম্মানীর অর্থ দিয়ে এই ঘরটি নির্মাণের উদ্যোগ নিই।

চাবি হাতে পেয়ে আবেগাপ্লুত রিনা স্নাল চোখের জল ধরে রাখতে পারেননি। তিনি বলেন, ভাঙা ঘরে অনেক কষ্ট করে রাত কাটাইছি। কখনো ভাবি নাই জীবনের এই শেষ বয়সে এমন একটা নতুন পাকা ঘরে থাকতে পারব। যারা আমার এই মাথা গোঁজার ব্যবস্থা করে দিল, ভগবান তাদের মঙ্গল করুক।