আন্তর্জাতিক পরিমণ্ডলে যুক্তরাষ্ট্র ছাড়া ইসরায়েলের কোনো শক্তিশালী বন্ধু নেই বলে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স যে মন্তব্য করেছিলেন, তা দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি ভারতকে অন্যতম প্রধান সমর্থক উল্লেখ করে জানান, নয়াদিল্লির কাছ থেকে তেল আবিব সবসময় অসামান্য সহযোগিতা পেয়ে আসছে।
রোববার (৫ জুলাই) মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে নেতানিয়াহু স্পষ্ট করেন, বিশ্বমঞ্চে আমেরিকার বাইরেও তাদের গুরুত্বপূর্ণ বন্ধু রয়েছে। ভারতের ভূরাজনৈতিক গুরুত্ব মনে করিয়ে দিয়ে তিনি বলেন, ১৪০ কোটি মানুষের দেশ ভারতে ইসরায়েলের জন্য বিপুল ও চমৎকার সমর্থন রয়েছে।
গাজা, ইরান ও লেবানন সংঘাতের কারণে আন্তর্জাতিক চাপে থাকা নেতানিয়াহু জানান, তিনি জেডি ভ্যান্সকে সম্মান করেন এবং ডোনাল্ড ট্রাম্প হলেন হোয়াইট হাউসের ইতিহাসে ইসরায়েলের ‘সেরা বন্ধু’। তবে তিনি ভ্যান্সের সব বক্তব্যের সাথে একমত নন। এর আগে ভ্যান্স সতর্ক করেছিলেন যে ইসরায়েলের উচিত হবে না একমাত্র শক্তিশালী মিত্র আমেরিকার সাথে দ্বন্দ্বে জড়ানো।
নেতানিয়াহু আরও দাবি করেন, ফেসবুকে তিনি ভারতীয়দের কাছ থেকে প্রতিনিয়ত বিপুল সমর্থন পাচ্ছেন। পাশাপাশি পর্দার আড়ালে বিভিন্ন দেশের শীর্ষ নেতারা ইসরায়েলের সাথে বাণিজ্যিক চুক্তি এবং সামরিক অভিজ্ঞতা শেখার জন্য যোগাযোগ করছেন।
এদিকে, আমেরিকা ও ইরানের চুক্তি অনুযায়ী দক্ষিণ লেবানন থেকে সেনা প্রত্যাহারের কথা থাকলেও ইসরায়েল তা মানেনি। নেতানিয়াহু দাবি করেন, হিজবুল্লাহর হাত থেকে বাঁচতে স্থানীয় কিছু খ্রিস্টান গ্রামের অনুরোধে তাদের রক্ষার্থেই ইসরায়েলি বাহিনী সেখানে অবস্থান করছে, যদিও লেবানন এই দাবিকে অসত্য বলে নাকচ করেছে।





