রেকর্ড যেন এখন আর্জেন্টিনার নিত্যসঙ্গী! বিশ্বকাপে ধারাবাহিক দাপুটে পারফরম্যান্সের পথে আরেকটি অধ্যায় যোগ করল লিওনেল স্কালোনির দল। কানসাস সিটিতে কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডকে ৩-১ গোলে হারিয়ে শুধু ষষ্ঠবারের মতো সেমিফাইনালে ওঠেনি আলবিসেলেস্তেরা, একই সঙ্গে ভেঙেছে একাধিক বিশ্বকাপ রেকর্ডও!
এই জয়ের মধ্য দিয়ে বিশ্বকাপে টানা ১২ ম্যাচে অন্তত দুই গোল করার নজির গড়েছে আর্জেন্টিনা, যা এখন প্রতিযোগিতার ইতিহাসে সর্বোচ্চ। এতদিন ১১ ম্যাচ নিয়ে শীর্ষে ছিল উরুগুয়ে। তালিকায় এরপর রয়েছে জার্মানি (১০), হাঙ্গেরি (৯) ও ফ্রান্স (৮)।
ম্যাচের শুরুতেই ইতিহাস স্পর্শ করেন অধিনায়ক লিওনেল মেসি। ১০ মিনিটে আলেক্সিস মাক আলিস্তারকে দিয়ে গোল করিয়ে বিশ্বকাপে নিজের ১০তম অ্যাসিস্ট পূর্ণ করেন তিনি। এর মাধ্যমে বিশ্বকাপ ইতিহাসে প্রথম ফুটবলার হিসেবে দুই অঙ্কের অ্যাসিস্টের মাইলফলকে পৌঁছান আর্জেন্টাইন মহাতারকা।
তবে শুরুতেই এগিয়ে গেলেও সহজ ছিল না আর্জেন্টিনার পথ। ৬৭ মিনিটে ডান এনদয়ের গোলে সমতায় ফেরে সুইজারল্যান্ড। নির্ধারিত ৯০ মিনিটে ১-১ সমতায় শেষ হওয়ায় ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। এতে বিশ্বকাপ ইতিহাসে ১৩তমবার অতিরিক্ত সময়ে খেলার নতুন রেকর্ডও গড়ে আর্জেন্টিনা। আগের সর্বোচ্চ ১২ ম্যাচ ছিল জার্মানির।
অতিরিক্ত সময়ে অবশ্য নিজেদের শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠা করতে ভুল করেনি স্কালোনির দল। ১১২ মিনিটে হুলিয়ান আলভারেস আর্জেন্টিনাকে আবারও এগিয়ে দেন। এরপর যোগ করা সময়ে লাউতারো মার্তিনেস গোল করে ৩-১ ব্যবধান নিশ্চিত করেন।
২০২২ বিশ্বকাপে সৌদি আরবের বিপক্ষে হারের পর থেকেই বিশ্বকাপ মঞ্চে দুর্দান্ত ধারাবাহিকতা ধরে রেখেছে আর্জেন্টিনা। সেই ম্যাচের পর টানা ১২ জয়ে দলটি করেছে ৩১ গোল, বিপরীতে হজম করেছে ১২টি। এই সময়ের প্রতিটি ম্যাচেই আক্রমণভাগ ছিল ধারালো, যার ধারাবাহিকতায় বিশ্বকাপে টানা ১২ ম্যাচে দুই বা তার বেশি গোলের নতুন ইতিহাসও গড়ে ফেলেছে তারা।
সেমিফাইনালে ওঠার ক্ষেত্রেও আর্জেন্টিনার রেকর্ড ঈর্ষণীয়। এটি তাদের ষষ্ঠ বিশ্বকাপ সেমিফাইনাল। আগের পাঁচবারই শেষ চার থেকে ফাইনালে জায়গা করে নিয়েছিল আলবিসেলেস্তেরা। এবারও সেই ধারাবাহিকতা ধরে রাখতে পারলে আরও একবার শিরোপার লড়াইয়ে দেখা যাবে বর্তমান চ্যাম্পিয়নদের। ১৫ জুলাই দিবাগত রাতে সেমিফাইনালে তাদের প্রতিপক্ষ ইংল্যান্ড। আগের দিন অন্য সেমিফাইনালে মুখোমুখি হবে ফ্রান্স ও স্পেন।





