জুলাই আন্দোলনকেন্দ্রিক রাজধানীর কাফরুল থানার মাহবুব হাসান মামুন হত্যা মামলায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব এন এম জিয়াউল আলমকে গ্রেফতার দেখানো শুনানি আগামী ১৫ জুলাই ধার্য করেছেন আদালত।
সোমবার (১৩ জুলাই) দুপুরে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিবুজ্জামানের আদালত এই তারিখ ধার্য করেন।
গত ৯ জুলাই এই মামলায় তাকে গ্রেফতার দেখানো করেন মামলার তদন্ত কর্মকর্তা কাফরুল থানার উপপরিদর্শক মো. আব্দুল আলীম। ওইদিন আদালত আসামির উপস্থিতিতে শুনানির জন্য আজ সোমবার দিন ধার্য করেছিলেন।
আজ শুনানির সময় এই মামলার মূল নথী না থাকায় আদালত আগামী ১৫ জুলাই পরবর্তী তারিখ ধার্য করেন। শুনানিকালে আসামিকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়।
গ্রেফতার দেখানো আবেদনে বলা হয়, প্রাথমিক তদন্তে আসামি ঘটনার সাথে জড়িত থাকার বিষয়ে ব্যাপক সাক্ষ্য প্রমাণ পাওয়া গেছে। মামলাটি স্পর্শকাতর ও চাঞ্চল্যকর মামলা। পরবর্তীতে জিজ্ঞাসাবাদের প্রয়োজন হলে পুলিশ রিমান্ডের আবেদন করা হতে পারে। এমতাবস্থায় মামলার সুষ্ঠু তদন্ত ও ন্যায় বিচারের স্বার্থে তদন্তেপ্রাপ্ত আসামি হিসাবে গ্রেপ্তার দেখানো প্রয়োজন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী মুহাম্মদ শামসুদ্দোহা সুমন এসব তথ্য নিশ্চিত করেন।
মামলার অভিযোগ সূত্রে জানা গেছে, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে ২০২৪ সালের ১৯ জুলাই রাজধানীর মিরপুর থানাধীন বিআরটিএর সামনে আন্দোলনে অংশ নেন ভিকটিম মাহবুব হাসান মামুন (৩৪)। ওইদিন বিকাল সাড়ে ৪ টায় আসামিদের ছোড়া গুলিতে আহত হয়ে হাসপাতালে ভর্তি হলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের স্ত্রী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৬১ জনকে এজাহারনামীয় আসামি করে রাজধানীর কাফরুল থানায় হত্যা মামলাটি দায়ের করেন।





