বয়সটা খুব বেশি না, ২৮ ছুঁই ছুঁই। তবে এই বয়সেই আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানাতে পারেন মার্ক কুকুরেয়া। তবে তার জন্য অবশ্য শর্তও রয়েছে, যদি আর্জেন্টিনাকে ফাইনালে হারিয়ে বিশ্বকাপ জিততে পারে স্পেন; তবেই ফুটবলকে বিদায় বলবেন এই ডিফেন্ডার। শুধু তাই নয়, এর আগে কুকুরেয়া মজা করে বলেছিলেন; স্পেন বিশ্বকাপ জিতলে কোচ লুইস দে লা ফুয়েন্তের মুখের ট্যাটু করাবেন। পুরো টুর্নামেন্টজুড়ে ছন্দে থাকা মার্ক কুকুরেয়া এমনই মন্তব্য করেছেন।
ফুটবল নিয়ে পাগলামির তো আর শেষ নেই। সমর্থকেরা যেমন পাগলামি করেন, মাঝে মাঝে খেলোয়াড়রাও করে বসেন অদ্ভুত সব পাগলামি। তবে মার্ক কুকুরেয়ার ব্যাপারটা ভিন্ন। এটাকে নিছক পাগলামি বলা যায় না, আবার ধরতে গেলে পাগলামির থেকে কমও না। কেননা, বিশ্বকাপ জিতলে ২৭ বছর বয়সেই বিদায় জানাবেন ফুটবলকে!
মভিস্টারপ্লাসে প্রকাশিত এক ভিডিওতে কুকুরেয়া বলেছেন, ‘স্পেন যদি বিশ্বকাপ জেতে, তাহলে পরদিনই লুইস দে লা ফুয়েন্তেকে ফোন করে জাতীয় দল থেকে অবসরের কথা জানিয়ে দেবো। ইউরো আর বিশ্বকাপ- দুটোই জিতে গেলে আর চাওয়ার কী থাকে!’
একজন ডিফেন্ডারের জন্য ২৭-২৮ বছরকে সাধারণত ক্যারিয়ারের সেরা সময় হিসেবেই বিবেচনা করা হয়। এই বয়সেই অধিকাংশ রক্ষণভাগের খেলোয়াড় অভিজ্ঞতা, পরিপক্বতা ও শারীরিক সক্ষমতার নিখুঁত সমন্বয়ে নিজেদের সেরা পারফরম্যান্স উপহার দেন।
ইউরো ২০২৪ শিরোপা জয়ের পর থেকেই স্পেনের রক্ষণভাগের অন্যতম নির্ভরযোগ্য খেলোয়াড়ে পরিণত হন মার্ক কুকুরেয়া। ধারাবাহিক পারফরম্যান্সে কোচের আস্থাভাজন হয়ে ওঠেন তিনি। চলতি বিশ্বকাপেও সেই ধারাবাহিকতা বজায় রেখেছেন কুকুরেয়া। সাতটি ম্যাচে স্পেনের রক্ষণভাগ মাত্র একটি গোল হজম করেছে।


