রাশিয়ায় ইউক্রেনের ড্রোন হামলায় ৭ শ্রমিক নিহত

রাশিয়ার বিভিন্ন স্থাপনায় একযোগে ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে একটি গুদামের সাত জন শ্রমিক নিহত এবং ৫১ জন আহত হয়েছে।

রুশ কর্মকর্তাদের দাবি, স্থানীয় সময় শুক্রবার(১৭ জুলাই) রাতে চালানো এই হামলায় দেশটির অন্যতম প্রধান অনলাইন খুচরা বিক্রেতা প্রতিষ্ঠান ‘ওয়াইল্ডবেরিজ’-এর দুটি বিশাল গুদাম ক্ষতিগ্রস্ত হয়েছে।

প্রতিষ্ঠানটির একটি গুদাম তাম্বভ অঞ্চলের কোতোভস্ক শহরে এবং অন্যটি মস্কো থেকে প্রায় ৫০ কিলোমিটার পূর্বে ইলেকট্রোস্টাল শহরে অবস্থিত। হামলার পর ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি টেলিগ্রামে দেওয়া এক পোস্টে জানান, ইউক্রেনের দূরপাল্লার হামলায় মস্কো ও তাম্বভ অঞ্চলের দুটি ‘গুরুত্বপূর্ণ লজিস্টিক বা সরবরাহ কেন্দ্র’ ক্ষতিগ্রস্ত হয়েছে।

তিনি পোস্টে দাবি করেন, আগ্রাসী পক্ষ ড্রোন ও নেভিগেশন সরঞ্জাম তৈরির জন্য নিষেধাজ্ঞাভুক্ত যন্ত্রাংশ সরবরাহের কাজে এই কেন্দ্রগুলো ব্যবহার করা হতো। তিনি আরও জানান, একটি তেল স্থাপনাতেও আঘাত হানা হয়েছে। জেলেনস্কি জানান, ইউক্রেনের বিশেষ বাহিনী আজভ সাগর এবং রুশ-অধিকৃত ভূখণ্ডেও বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে।

তাম্বভ অঞ্চলের গভর্নর ইভজেনি পারভিশভ জানান, কোতোভস্কের গুদামে রাতের শিফটে কর্মরত সাতজন শ্রমিক নিহত এবং আরও ২৫ জন আহত হয়েছেন। অন্যদিকে মস্কো অঞ্চলের গভর্নর আন্দ্রে ভোরোবিওভ জানান, ইলেকট্রোস্টালে মোট ২৪ জন আহত হয়েছেন।

ভোরোবিওভ আরও জানান, ইলেকট্রোস্টালের ঠিক উত্তরে মস্কো অঞ্চলের নোগিনস্ক শহরে আরও দুজন আহত হয়েছেন; সেখানে কিয়েভের ড্রোন হামলার পর একটি তেল ডিপোতে আগুন ধরে গিয়েছিল। হামলার জেরে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে নিকটবর্তী একটি প্রসূতি হাসপাতাল ও একটি আবাসিক ভবন খালি করা হয়েছে।

এদিকে মস্কো থেকে প্রায় ১৮০ কিলোমিটার পূর্বে ভ্লাদিমির শহরে ইউক্রেনীয় ড্রোন একটি আবাসিক ভবনে আঘাত হানে। ভ্লাদিমিরের গভর্নর আলেকজান্ডার আভদেয়েভ এ তথ্য জানিয়ে বলেন, এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, গত রাতে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দেশটির ১৯টি অঞ্চলের পাশাপাশি অবৈধভাবে দখলকৃত ক্রিমিয়া, আজভ সাগর ও কৃষ্ণ সাগরের ওপর দিয়ে উড়ে আসা ৩৭৯টি ইউক্রেনীয় ড্রোনকে প্রতিহত করেছে।