বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নিপুন রায় চৌধুরী বলেছেন, বিগত ১৭ বছরে দেশের এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছেন। তিনি উল্লেখ করেন, বিগত ১৭ বছরের সেই ভেঙে যাওয়া বাংলাদেশকে এখন পুনরুদ্ধার করতে হবে। পাশাপাশি তরুণ সমাজকে মাদকের ভয়াবহ ছোবল থেকে বের করে আনতে হবে।
সোমবার (২০ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে ঝিনাইদহ জেলা পরিষদ চত্বরে আয়োজিত বৃক্ষরোপণ, গাছের চারা ও আর্থিক সহায়তার চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এর আগে তিনি অনুষ্ঠানস্থলে পৌঁছে জেলা পরিষদ চত্বরে একটি বৃক্ষরোপণ করেন এবং ঝিনাইদহ জেলার পরিচিতি ম্যাপের ফলক উন্মোচন করেন।
ঝিনাইদহ জেলা পরিষদের প্রশাসক এমএ মজিদের সভাপতিত্বে এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. নোমান হোসেন, পুলিশ সুপার মিয়া মোহাম্মদ আশীষ বিন হাছান এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা-সহ স্থানীয় অন্যান্য নেতৃবৃন্দ।
অনুষ্ঠান শেষে উপস্থিত মানুষের মাঝে আর্থিক সহায়তার চেক ও গাছের চারা বিতরণ করা হয়।





