বিশ্বকাপ জিতে টমেটো পেলেন স্পেনের দুই তারকা

বিশ্বকাপ জয়ীকে পুরস্কৃত করতে সবচেয়ে জাকজমকপূর্ণ উপায় কী হতে পারে? হয়তো নগদ অর্থ কিংবা গাড়ি-বাড়ি দেওয়া! কিন্তু লস পালাসিওস শহর কর্তৃপক্ষ স্পেনের বিশ্ব চ্যাম্পিয়ন ফাবিয়ান রুইজ ও পাবলো পায়েজ গাভিরা ‘গাভি’-কে বরণ করে নিলো নিখাঁদ পুরস্কার দিয়ে, আক্ষরিক অর্থেই।

১৬ বছর পর স্পেন বিশ্বকাপ জিতেছে। দেশে ফিরে মাদ্রিদে তাদের প্যারেড শোয়ে লাখো মানুষ হাজির হয়। ওই উৎসব শেষে নিজ শহরে ফিরে আসেন রুইজ ও গাভি। তাদের দুজনকে পরিবেশবান্ধব সম্মাননা জানানো হয়েছে।

লস পালাসিওস সিটি কাউন্সিল তাদের উষ্ণ অভ্যর্থনা জানায়। প্রদেশের অন্যতম স্বতন্ত্র ঐতিহ্য দিয়ে তাদের বরণ করা হয়। দুই খেলোয়াড়কে তারা দিয়েছে তাদের শরীরের ওজনের সমপরিমাণ স্থানীয় টমেটো। দুজনের ওজনই ৬৮ কেজি! মানে ৬৮ কেজি করে টমেটো পেয়েছেন তারা দুজনে।

বেশ কিছু গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, শহরটি তাদের দুই ফুটবল ভেন্যুর নাম দুই বিশ্ব জয়ীর নামকরণে করতে যাচ্ছে। মারিসমাস ও সান সেবাস্তিয়ান স্টেডিয়ামের আনুষ্ঠানিক নাম হবে ফাবিয়ান রুইজ ও পাবলো পায়েজ গাভিরা গাভি।

স্থানীয় দল এডি মসকুইয়ো, লা লিয়ারা বালোম্পি ও লস পালাসিওস সিএফের হোম গ্রাউন্ড এই ভেন্যুগুলো। এর আগে সাবেক বিশ্বকাপ জয়ী জেসুস নাভাসের নামে একটি ক্রীড়া কমপ্লেক্স করেছিল তারা।

মঙ্গলবারের অনুষ্ঠানে খেলোয়াড়দের একটি স্মৃতিস্তম্ভের মডেলও উপহার দেওয়া হয়। যেটি জেসুস নাভাস, রুইজ ও গাভির প্রতি স্থায়ী শ্রদ্ধাঞ্জলি হিসেবে হুয়ান হোসে ভাকুয়েরো অ্যাভিনিউতে স্থাপন করা হবে বলে নিশ্চিত করেছে সিটি কাউন্সিল।