ধর্ষণ মামলায় গ্রেফতারের পর এনসিপি নেতা আফতাবকে স্থায়ী বহিষ্কার

ধর্ষণ মামলায় গ্রেফতারের একদিন পর জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম মহানগর আহ্বায়ক কমিটির সদস্য মো. আফতাব মজুমদারকে দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) এনসিপি চট্টগ্রাম মহানগর কমিটির দপ্তর সম্পাদক (ভারপ্রাপ্ত) ও প্রচার-প্রকাশনা সম্পাদক রিদুয়ান হৃদয়ের সই করা এক আদেশে এ তথ্য জানানো হয়।

বহিষ্কারাদেশে বলা হয়, জাতীয় নাগরিক পার্টির নীতি, আদর্শ ও দলীয় শৃঙ্খলা বজায় রাখা প্রত্যেক সদস্যের মৌলিক দায়িত্ব। কিন্তু মো. আফতাব মজুমদারের বিরুদ্ধে সংগঠনের নীতি ও আদর্শ পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার বিষয়ে গুরুতর অভিযোগ উঠেছে।

এতে আরও বলা হয়, দলীয় গঠনতন্ত্র ও প্রযোজ্য সাংগঠনিক বিধান অনুযায়ী চট্টগ্রাম মহানগর কমিটির জরুরি সিদ্ধান্ত এবং মহানগর আহ্বায়ক ও সদস্যসচিবের নির্দেশক্রমে মো. আফতাব মজুমদারকে চট্টগ্রাম মহানগর আহ্বায়ক কমিটির সদস্য পদ থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। এই সিদ্ধান্ত ২৩ জুলাই থেকে কার্যকর হবে। বহিষ্কারের পর থেকে দলের কোনো সাংগঠনিক কার্যক্রম, সিদ্ধান্ত বা পরিচয়ের সঙ্গে তার কোনো সম্পর্ক থাকবে না বলেও আদেশে উল্লেখ করা হয়েছে।

এর আগে বুধবার (২২ জুলাই) রাতে চট্টগ্রাম নগরের হালিশহর এলাকা থেকে বিয়ের প্রলোভন দেখিয়ে এক কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় আফতাব মজুমদারকে গ্রেফতার করে পুলিশ। পরে তাকে আদালতে পাঠানো হয়।