ভারতে চলমান শিক্ষার্থী আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে আবেগঘন বার্তা দিয়েছেন বলিউড অভিনেত্রী আলিয়া ভাট। শিক্ষার্থীদের সাহস, দৃঢ়তা ও আত্মত্যাগের প্রশংসা করে তিনি বলেছেন, তারাই ভবিষ্যতের পথপ্রদর্শক।
বৃহস্পতিবার নিজের ভেরিফায়েড ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে আন্দোলনরত শিক্ষার্থীদের সমর্থনে একটি পোস্ট শেয়ার করেন আলিয়া। সেখানে তিনি লেখেন, “গত কয়েক দিন আমার হৃদয়কে বারবার ভেঙেছে, আবার আশার আলোয় জোড়াও লাগিয়েছে।”
পোস্টে আলিয়া বলেন, নিজের অবস্থানে অটল থাকা প্রতিটি শিক্ষার্থীর পেছনে রয়েছে একটি স্বপ্ন, একটি পরিবারের আশা এবং অসংখ্য ত্যাগের গল্প। তারা শুধু নিজেদের প্রতিনিধিত্ব করছে না, বরং তাদের পাশে থাকা মানুষদেরও প্রতিনিধিত্ব করছে। একই সঙ্গে তারা আগামী প্রজন্মের জন্য আরও সুন্দর একটি ভবিষ্যতের পথ তৈরি করছে।
তিনি আরও লেখেন, শিক্ষার্থীদের সাহস তাকে বিনম্র করেছে। তাদের দৃঢ়তা সমাজের সামনে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলে ধরে—যারা আগামী দিনের দেশ গড়ে তুলবে, আমরা কি সত্যিই তাদের কথা শুনছি?
পোস্টের শেষাংশে আলিয়া লেখেন, “শিক্ষার্থীদের জন্য। শিক্ষার্থীদের দ্বারা। ভবিষ্যৎ তাদেরই।” এরপর “জয় হিন্দ” লিখে ভারতের জাতীয় পতাকার ইমোজি যুক্ত করেন।
আলিয়ার এই পোস্ট প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া পড়ে। অনেকেই শিক্ষার্থীদের প্রতি তার সংহতি প্রকাশের প্রশংসা করেছেন, যদিও এ বিষয়ে ভিন্ন মতও প্রকাশ করেছেন কেউ কেউ।
এর আগে সালমান খান শিক্ষার্থীদের আন্দোলনের পক্ষে সরাসরি কথা বলেন এবং শান্তিপূর্ণ আন্দোলনে সহিংসতার তীব্র নিন্দা জানান।
বর্তমানে এই আন্দোলন আর কেবল শিক্ষার্থীদের মধ্যে সীমাবদ্ধ নেই। বলিউড তারকা সোনু সুদ, বীর দাস, দিয়া মির্জা, শাবানা আজমি, প্রকাশ রাজ, রিতেশ-জেনেলিয়া দম্পতি, সোহা আলি খান, অদিতি রাও হায়দারি, হুমা কুরেশি, ভূমি পেডনেকর, নাসিরুদ্দিন শাহ, নির্মাতা কিরণ রাও ও গায়ক অরিজিৎ সিংয়ের মতো বাঘা বাঘা তারকারা রাজপথের আন্দোলনকারীদের প্রতি পূর্ণ সমর্থন ব্যক্ত করেছেন।
বলিউডের এই তারকাদের প্রত্যক্ষ সমর্থনে আন্দোলনরত শিক্ষার্থীদের মনোবল এখন দ্বিগুণ বৃদ্ধি পেয়েছে।





