টঙ্গীতে তিতাস গ্যাস অফিস ঘেরাও কর্মসূচি

গাজীপুরের টঙ্গীতে আবাসিক গ্যাস সংযােগে গ্যাস প্রবাহ চালুর দাবিতে গোপালপুর তিতাস গ্যাস অফিস ঘেরাও করে বিক্ষোভ করেছেন এলাকাবাসী।

রবিবার বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এ কর্মসূচি পালন করেন সিটি করপোরেশনের ৫৩ ওয়ার্ডের তিতাস গ্রাহকেরা।

এ সময় বক্তব্য রাখেন ওয়ার্ডটির সাবেক কাউন্সিলর মো. জাহাঙ্গীর আলম, ৫৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আনিসুর রহমান শিপন, সাধারণ সম্পাদক সাদেক হোসেন, মো. লিটন মিয়া, আব্দুল মান্নান, মোস্তফা জামানসহ অনেকে।

বক্তারা বলেন, নিয়মিত গ্যাস বিল পরিশোধ করলেও দীর্ঘদিন তিতাস গ্যাস কোম্পানি বাসাবাড়িতে নিয়মিত গ্যাস সরবরাহ করছে না। এতে রান্না-বান্না করতে না পেরে এলাকার মানুষ চরমকষ্ট ভোগ করছেন। এমন অবস্থা চলতে থাকলে বাধ্য হয়ে ‌‘নো গ্যাস, নো বিল’ নীতি অবলম্বন করা হবে। এছাড়া ভবিষ্যতে বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়ার হুঁশিয়ারি দেন তারা।

এ ব্যাপারে টঙ্গী তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিট্রিবিউশনের টঙ্গী জোনের ব্যবস্থাপক মো. মেজবাউর রহমান বলেন, চট্টগ্রামে একটি ভাসমান এলএনজি টার্মিনাল নষ্ট হয়ে যাওয়ায় গ্যাস সরবরাহে বিঘ্ন ঘটছে। আগামী ৪-৫ দিনের মধ্যে এলএনজি টার্মিনালটি সচল হয়ে গেলে গ্যাস প্রবাহের চাপ বৃদ্ধি পাবে।

অফিস ঘেরাও কর্মসূচিতে উপস্থিত ছিলেন আমান উল্লাহ, আব্দুস সালাম মাদবর, সুন্দর আলী, মাওলানা শরিফুল ইসলাম, মো. শহীদুল্লাহ, মোহাম্মদ হাসান, সাবিয়া খাতুন, হালিমা আক্তার, কথামনি, প্রীতি আক্তার, তিথি বেগম ও বিউটি আক্তারসহ আরও অনেকে।