নতুন কোচের সঙ্গে আলোচনার পরে ভবিষ্যৎ সিদ্ধান্ত নেবেন কোর্তোয়া

বিশ্বকাপ শেষে বেলজিয়ামের হয়ে নিজের আন্তর্জাতিক ক্যারিয়ারের ভবিষ্যৎ নিয়ে নতুন করে ভাবছেন গোলকিপার থিবো কোর্তোয়া। তবে জাতীয় দলে তার পথচলা অব্যাহত থাকবে কি না, তা নির্ভর করছে নতুন কোচ মার্ক ফন বোমেলের সঙ্গে আলোচনার ওপর।

বিশ্বকাপের কোয়ার্টার-ফাইনালে স্পেনের কাছে ২-১ গোলে হেরে বিদায় নেয় বেলজিয়াম। ওই ম্যাচের পর কোচ হুডি গাহসিয়ার দায়িত্বেরও অবসান ঘটে। এরপর দ্রুতই নতুন কোচ হিসেবে নেদারল্যান্ডসের সাবেক ফুটবলার মার্ক ফন বোমেলকে নিয়োগ দেয় বেলজিয়ান ফুটবল ফেডারেশন। ২০২৮ ইউরো পর্যন্ত তার সঙ্গে চুক্তি করা হয়েছে।

ফন বোমেলের নিয়োগকে বড় কোনো চমক হিসেবে দেখছেন না কোর্তোয়া। এক অনুষ্ঠানে তিনি বলেন, অ্যান্টওয়ার্পে কোচ হিসেবে নিজের দক্ষতা প্রমাণ করেছেন ফন বোমেল এবং ফুটবলারদের কাছ থেকে তিনি যথেষ্ট সম্মান পাবেন।

কোর্তোয়া বলেন,‘তার নাম বেশ কিছুদিন ধরেই আলোচনায় ছিল। আমার মনে হয়, অ্যান্টওয়ার্পে তিনি দেখিয়েছেন যে তিনি একজন শীর্ষ পর্যায়ের কোচ। অনেক খেলোয়াড়ই তার বিষয়ে ইতিবাচক কথা বলেছেন। আমিও তাকে ভালোভাবে জানার অপেক্ষায় আছি।’

তিনি আরও বলেন, ‘সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, ফন বোমেল নিজেও সর্বোচ্চ পর্যায়ে ফুটবল খেলেছেন। বড় ম্যাচের অভিজ্ঞতা তার রয়েছে, যা স্বাভাবিকভাবেই খেলোয়াড়দের কাছ থেকে সম্মান এনে দেয়।’

৩৪ বছর বয়সী কোর্তোয়া জানিয়েছেন, তিনি এখনই আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিতে চান না। তবে কিছুটা বিরতি নিতে চান এবং আসন্ন উয়েফা নেশন্স লিগে খেলবেন না বলেও জানিয়েছেন তিনি।

কোর্তোয়া বলেন, ‘বিশ্বকাপের পর আমি অবশ্যই খেলা চালিয়ে যেতে চাই। তবে বিষয়টি নতুন কোচের সঙ্গে আলোচনার ওপর নির্ভর করবে। নেশন্স লিগের সময় কিছুটা বিশ্রাম নিতে চাই। এরপর সিদ্ধান্ত নেব, ভবিষ্যতে কীভাবে এগোব।’

বিশ্বকাপে স্পেনের বিপক্ষে কোয়ার্টার-ফাইনালে চোটের কারণে মাঠ ছাড়ার ঘটনাও নিয়ে কথা বলেছেন কোর্তোয়া। ওই ম্যাচে ৭১তম মিনিটে অস্বস্তি নিয়ে মাঠ ছাড়েন তিনি। পরে তার বদলি গোলকিপারের ভুলে গোল হজম করে বেলজিয়াম।