কলকাতায় গণমাধ্যমকর্মীদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা। সোমবার (২৭ জুলাই) কলকাতা প্রেস ক্লাবের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
জানা গেছে, নিট (NEET) পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসসহ বিভিন্ন অনিয়ম এবং ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে গত শুক্রবার কলকাতায় একাধিক ছাত্র সংগঠন ও ককরোচ জনতা পার্টির সদস্যরা শিয়ালদহ রেলস্টেশন থেকে ধর্মতলার ডোরিনা ক্রসিং পর্যন্ত মিছিল করেন।
অভিযোগ রয়েছে, কর্মসূচির শেষ পর্যায়ে ছাত্র আন্দোলনের নামে একদল ব্যক্তি ধর্মতলা এলাকায় তাণ্ডব চালিয়ে গণমাধ্যমকর্মীদের ওপর হামলা করে। এতে কয়েকজন সাংবাদিক আহত হন এবং তাদের ক্যামেরাসহ অন্যান্য সরঞ্জাম ভাঙচুর করা হয়।
ঘটনার প্রতিবাদে সোমবার কলকাতা প্রেস ক্লাব থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি ধর্মতলার ডোরিনা ক্রসিংয়ে গিয়ে মানববন্ধনে রূপ নেয়। সেখানে হামলায় জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর শাস্তির দাবি জানান সাংবাদিকরা। পরে মিছিলটি আবার কলকাতা প্রেস ক্লাবে ফিরে যায়।
একই সঙ্গে গণমাধ্যমকর্মীদের একটি আট সদস্যের প্রতিনিধি দল রাজ্যপালের কাছে স্মারকলিপি প্রদান করেন। প্রতিনিধি দলে হামলার শিকার কয়েকজন সাংবাদিকও উপস্থিত ছিলেন।
এদিকে, রাজ্য সরকারের পক্ষ থেকে ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে। ইতোমধ্যে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ১৬ জনকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশ।





