জরুরি সতর্কবার্তা দিল পুলিশ

পুলিশ ও অন্যান্য সরকারি কর্মকর্তার নাম, ছবি এবং পরিচয় ব্যবহার করে সামাজিক যোগাযোগমাধ্যমে অর্থ দাবি ও তদবিরের নামে প্রতারণার ঘটনায় নাগরিকদের সতর্ক করেছে বাংলাদেশ পুলিশ।

মঙ্গলবার (২৮ জুলাই) পুলিশ সদর দপ্তর থেকে দেওয়া এক সতর্কবার্তায় সবাইকে এ ধরনের প্রতারণামূলক কার্যক্রম থেকে সাবধান থাকার আহ্বান জানানো হয়।

পুলিশ সদর দপ্তর জানায়, সম্প্রতি একটি প্রতারক চক্র বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের দায়িত্বশীল ও উচ্চপদস্থ কর্মকর্তাদের পরিচয় ব্যবহার করে সামাজিক যোগাযোগমাধ্যমে মানুষের সঙ্গে যোগাযোগ করছে। এসব বার্তায় কখনো অর্থ দাবি করা হচ্ছে, আবার কখনো বিভিন্ন কাজ করে দেওয়ার আশ্বাস দিয়ে তদবিরের চেষ্টা চালানো হচ্ছে।

আইনশৃঙ্খলা বাহিনীর মতে, এসব প্রতারণার কারণে সাধারণ মানুষ আর্থিক ক্ষতির মুখে পড়ছেন। পাশাপাশি সরকারি কর্মকর্তা ও প্রতিষ্ঠানের ভাবমূর্তিও ক্ষতিগ্রস্ত হচ্ছে।

পুলিশ সতর্ক করে বলেছে, সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো কর্মকর্তার ছবি, নাম বা পদবি ব্যবহার করা হলেও সেটি যে সত্যিই ওই ব্যক্তির অ্যাকাউন্ট বা নম্বর—এমন নিশ্চয়তা নেই। তাই অপরিচিত কোনো ব্যক্তি সরকারি কর্মকর্তার পরিচয় দিয়ে যোগাযোগ করলে যাচাই ছাড়া কোনো ধরনের সাড়া না দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

এ ধরনের প্রতারণামূলক বার্তা, ফোনকল বা অনুরোধ পেলে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে। পাশাপাশি সাইবার অপরাধসংক্রান্ত অভিযোগের ক্ষেত্রে পুলিশের সাইবার পুলিশ সেন্টার (সিআইডি) এবং ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগে (ডিবি) যোগাযোগের পরামর্শ দেওয়া হয়েছে।

বাংলাদেশ পুলিশ জানিয়েছে, প্রতারক চক্রগুলোর কার্যক্রম শনাক্ত করতে আইনশৃঙ্খলা বাহিনী নজরদারি চালাচ্ছে। এ ধরনের অপরাধের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।