তারেক রহমান ভুল করেছেন, এজন্য কাফফারা দিতে হবে: নাসিরুদ্দীন পাটওয়ারী

সিলেটের জৈন্তাপুরে জুলাই পথযাত্রা শেষে সার্কিট হাউজে ফেরার পথে হরিপুর এলাকায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) গাড়িবহরে হামলা ও দলটির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দীন পাটওয়ারীসহ দুজন আহত হওয়ার অভিযোগ উঠেছে। তবে হামলার ঘটনাটি অস্বীকার করেছে পুলিশ।

নাসিরুদ্দীন পাটওয়ারী বলেন, শেখ হাসিনা আমাদের রিমান্ডে নিয়েছিলেন। তাকে আমরা দেশ থেকে তাড়িয়েছি। তারেক রহমান আপনি মস্তবড় ভুল করেছেন, এজন্য আপনাকে কাফফারা দিতে হবে।

তিনি বলেন, এমন কাফফারা যা আপনি এক্সপেক্ট করবেন না। আপনি আমাকে পার্সোনাল রক্ত ঝরিয়েছেন। আপনি আমার বয়সে বড়, ছোটভাইয়ের রক্ত প্রতিশোধ নেবে। আপনার থেকে আমি পার্সোনালি রক্তের প্রতিশোধ নেবো।

শুক্রবার (৩১ জুলাই) দিবাগত রাতে সিলেট সার্কিট হাউজে এ বিষয় নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন নাসিরুদ্দীন পাটওয়ারী।

তিনি বলেন, আজকে আমাদের তিনটি প্রোগ্রাম ছিল। স্টেজ থেকে নেমে গাড়ি কয়েক মিনিট ক্রস করার পর বিকট একটি শব্দ হয়। আমাদের গাড়ির কাঁচ ভেঙে গিয়েছে, বড় একটি ইট পড়েছে, আমার হাতে ইটের আঘাতের দাগ আছে। মাথায় পড়লে মাথা ফাটতো নিশ্চিত।’

তিনি বলেন, আজকে ইশরাক ও রাশেদ খান উসকানি দিয়েছেন। আমি জীবন নিয়ে শঙ্কা বোধ করছি, আমি নিরাপদ নয়। তবে আমি দলকে বলে দিয়েছি যে তারেক রহমান আজকে রাজনৈতিকভাবে একটি মস্তবড় ভুল করেছেন।

তিনি আরও বলেন, যার আসনে গিয়েছিলাম, তাকে বলেছিলাম, পুলিশ সর্বোচ্চ চেষ্টা করেছে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিনকে বলেছিলাম নিরাপত্তার শঙ্কার কথা, তিনি বলেছেন যে নিরাপত্তা দেয়া যাবে না। ঠিক আছে, মারা যাবো।

পুলিশের অস্বীকার প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমার পেছনে এএসপির গাড়ি ছিল, সামনে পুলিশের গাড়ি ছিল। পাশে মোটরকেড ছিল। এখনো গাড়ি ভাঙা আছে, ইট আছে, আঘাত আছে। আমরা আশা করব যে, পুলিশ ভাইয়েরা তাদের চরিত্র পরিবর্তন করবে। আমরা এসপিকে জানিয়েছি, পুলিশকে জানিয়েছি। আমি আদালতে বা কোথাও যাবো না, এটাকে পার্সোনালি নিলাম।

এব্যাপারে জানতে চাইলে সিলেটের জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা বলেন, কোনো হামলার ঘটনা ঘটেনি। আমরা পুলিশি প্রোটোকল দিয়ে উনাদের গাড়িটি নিরাপদ স্থান জৈন্তা গেইট পর্যন্ত পৌঁছে দিয়েছি। পুরো যাত্রাপথে গাড়িটি কোথাও এক সেকেন্ডের জন্যও থামেনি।