শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছেন প্রধানমন্ত্রী: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

মৎস ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, মিড ডে মিল চালু হয়েছে এটি নতুন আইডিয়া। প্রত্যেকেই যার যার জায়গা থেকে কাজ করলে দেশটা এগিয়ে যাবে। শিক্ষাপ্রতিষ্ঠানের মান উন্নয়নের জন্য প্রধানমন্ত্রী কাজ করে যাচ্ছেন। তিনি শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছেন। শিক্ষার্থীরা যাতে লেখাপড়ার পাশাপাশি ‘এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস’-এ এগিয়ে যেতে পারে এবং একজন ছাত্রের একাধিক পেশার সুযোগ থাকে সেজন্য ইতিমধ্যেই প্রদক্ষেপ নিয়েছেন।

আজ শনিবার সকালে টাঙ্গাইলের কালিহাতীতে ইছাপুর শেরে বাংলা উচ্চ বিদ্যালয়ে মিড-ডে মিলের উদ্বোধন ও অভিভাবক সমাবেশে প্রধান অতিথি হিসেবে যোগদান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী আরও বলেন, বেগম খালেদা জিয়া প্রথমে প্রাথমিক পর্যায়ে অবৈতনিক শিক্ষাব্যবস্থা চালু করেছিলেন। পরবর্তীতে ডিগ্রি পর্যন্তও গিয়েছে। বিভিন্নভাবে বৃত্তির সিস্টেমও কিন্তু আমরা চালু করেছি। কাজেই শিক্ষাব্যবস্থাকে সার্বিক উন্নয়নের জন্য প্রাথমিক ধাপ থেকে শুরু করতে হবে। ধীরে ধীরে সব পর্যায়েই হবে।

তিনি বলেন, কিভাবে প্রোটিনের চাহিদা পূরণ করা যায়, স্কুলগুলোতেও আমরা কিভাবে দিতে পারি তা চিন্তা করেছি এবং প্রদক্ষেপ নিয়েছি।

বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে বক্তব্য রাখেন-
স্থানীয় সংসদ সদস্য লুৎফর রহমান মতিন, উপজেলা নির্বাহী অফিসার ফারজানা আক্তার, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নান মোল্লা প্রমুখ।

এছাড়া বক্তারা শিক্ষার মানোন্নয়ন, ঝরে পড়া রোধ এবং শিক্ষার্থীদের নিয়মিত পুষ্টিকর খাবার নিশ্চিতকরণে মিড-ডে মিল কর্মসূচির গুরুত্ব তুলে ধরেন।

অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থীবৃন্দ, অভিভাবকমণ্ডলী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।