পুলিশ কোনো নির্দিষ্ট দল বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয়, বরং তারা জনগণের প্রকৃত বন্ধু হিসেবে কাজ করবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। তিনি স্পষ্টভাবে জানান, পুলিশকে সম্পূর্ণ দলীয় প্রভাবমুক্ত, আধুনিক, প্রযুক্তিবান্ধব ও মানবিক সংস্থা হিসেবে গড়ে তোলা হচ্ছে এবং এই বাহিনীতে দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি কঠোরভাবে অনুসরণ করা হবে।
রোববার (২ আগস্ট) সকালে সারদা বাংলাদেশ পুলিশ অ্যাকাডেমিতে ২৭তম বিসিএস পুলিশ ব্যাচের প্রথম পর্যায়ের মৌলিক প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিসিএস ২৭তম ব্যাচের ক্যাডারদের উদ্দেশে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেড় যুগ আগে এই ব্যাচটি রাজনৈতিক বঞ্চনা ও নির্যাতনের শিকার হয়েছিল। ১৮ বছরের দীর্ঘ বঞ্চনা কাটিয়ে এই পুলিশ কর্মকর্তারা শৃঙ্খলা বজায় রেখে বৈষম্যহীন সমাজ গঠন, আইনের শাসন প্রতিষ্ঠা ও জনমনে স্বস্তি ফিরিয়ে আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। সাইবার অপরাধ দমনে প্রয়োজনীয় কারিগরি দক্ষতা অর্জনের ওপরও তিনি বিশেষ গুরুত্ব দেন।
২০২৬ সালের ১ ফেব্রুয়ারি শুরু হওয়া এই ৬ মাস মেয়াদি প্রশিক্ষণ শেষে প্রথম পর্যায়ে ৫৮ জন কর্মকর্তা সমাপনী কুচকাওয়াজের মাধ্যমে মাঠপর্যায়ের কর্মজীবনে প্রবেশ করলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু ও আইজিপি মো. আলী হোসেন ফকিরসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।





