বাবাকে নিয়ে হলিউডের স্বপ্ন জেসন সঞ্জয়ের

দক্ষিণ ভারতের সুপারস্টার থালাপতি বিজয়কে নিয়ে বড় পর্দায় নতুন স্বপ্ন দেখছেন তাঁর ছেলে জেসন সঞ্জয়। তরুণ এই নির্মাতা জানিয়েছেন, সুযোগ পেলে বাবা বিজয় এবং হলিউডের জনপ্রিয় অ্যাকশন তারকা জেসন স্টেথামকে একসঙ্গে নিয়ে একটি আন্তর্জাতিক মানের সিনেমা নির্মাণ করতে চান তিনি।

সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের এই স্বপ্নের প্রজেক্টের কথা জানান জেসন সঞ্জয়। তাকে প্রশ্ন করা হয়েছিল, হলিউডের অ্যাকশন তারকা জেসন স্টেথাম যদি তাঁর সঙ্গে কাজ করতে চান, তাহলে তামিল সিনেমা থেকে কোন অভিনেতাকে বেছে নেবেন? কোনো দ্বিধা ছাড়াই জেসন বলেন, তিনি নিজের বাবা বিজয়কেই বেছে নেবেন।

জেসনের মতে, বিজয় ও স্টেথামের মতো দুই বড় তারকাকে একসঙ্গে নিয়ে কাজ করা হলে সেটি হতে পারে একটি দুর্দান্ত অ্যাকশন সিনেমা। তবে এমন মন্তব্যের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রোল বা মিম তৈরি হতে পারে—এ বিষয়টিও মজার ছলে স্বীকার করেছেন তিনি।

বাবা বিজয় দক্ষিণ ভারতীয় সিনেমার অন্যতম বড় নাম হলেও জেসন অভিনয়ের পথ বেছে নেননি। বরং পরিচালনার প্রতি তাঁর আগ্রহ ছোটবেলা থেকেই তৈরি হয়েছে। তিনি জানান, ছোট থেকেই বাবার সিনেমার শুটিং সেটে যাওয়ার সুযোগ পেয়েছেন। সেই পরিবেশ, কাজের ধরন এবং সিনেমা তৈরির প্রক্রিয়া তাঁকে চলচ্চিত্রের প্রতি আকৃষ্ট করেছে।

তবে সিনেমা নির্মাণই তাঁর প্রথম স্বপ্ন ছিল না। জেসন জানান, এক সময় তিনি পাইলট হতে চেয়েছিলেন, আবার ক্রিকেটার হওয়ার প্রতিও আগ্রহ ছিল। কিন্তু স্কুলের একাদশ ও দ্বাদশ শ্রেণিতে পড়ার সময় থেকে সিনেমার প্রতি গভীর আগ্রহ তৈরি হয়। পরে কলেজ জীবনে সিদ্ধান্ত নেন, চলচ্চিত্র নির্মাণ নিয়েই এগিয়ে যাবেন।

গল্প বলা তাঁর সবচেয়ে বড় ভালো লাগার বিষয় বলেও জানান জেসন। সিনেমা নির্মাণ শেখার জন্য তিনি কানাডায় পড়াশোনা করেছেন। বর্তমানে তিনি পরিচালক হিসেবে নিজের পরিচয় তৈরি করার প্রস্তুতি নিচ্ছেন।

উল্লেখ্য, অভিনেতা সন্দীপ কিষাণকে প্রধান চরিত্রে নিয়ে ‘সিগমা’ সিনেমার মাধ্যমে পরিচালক হিসেবে অভিষেক হতে যাচ্ছে জেসন সঞ্জয়ের। তাঁর প্রথম সিনেমা ঘিরেও ইতোমধ্যে দর্শকদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে।