রাশিয়ার রাজধানী মস্কোর একটি ইতালিয়ান রেস্তোরাঁয় বিস্ফোরণের ঘটনায় অন্তত তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২১ জন। রুশ রাষ্ট্রীয় গণমাধ্যম ও নিরাপত্তা কর্মকর্তাদের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি।
শনিবার (স্থানীয় সময়) রাত ৮টার দিকে মস্কোর কেন্দ্রীয় এলাকার কুদ্রিনস্কায়া স্কয়ারে অবস্থিত ওই রেস্তোরাঁয় বিস্ফোরণ ঘটে। প্রাথমিক তথ্য অনুযায়ী, একটি ঘরে তৈরি বিস্ফোরক ডিভাইসের কারণে এ ঘটনা ঘটে।
রাশিয়ার ন্যাশনাল অ্যান্টি-টেররিস্ট কমিটি (NAK) জানিয়েছে, এক নারী বিস্ফোরক নিয়ে রেস্তোরাঁয় প্রবেশের চেষ্টা করেছিলেন। নিরাপত্তারক্ষী তাকে বাধা দিলে বিস্ফোরকটি বিস্ফোরিত হয়। এতে ওই নারী, নিরাপত্তারক্ষী এবং রেস্তোরাঁর একজন অতিথি নিহত হন।
ঘটনার সময় রেস্তোরাঁটিতে একটি ব্যক্তিগত অনুষ্ঠানের আয়োজন চলছিল। তবে ওই অনুষ্ঠানে কারা উপস্থিত ছিলেন বা হামলার লক্ষ্য নির্দিষ্ট কোনো ব্যক্তি ছিলেন কি না—এ বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি কর্তৃপক্ষ।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিস্ফোরণের পর বেশ কয়েকজনকে রক্তাক্ত অবস্থায় ঘটনাস্থল থেকে বের করে আনা হয়। বিস্ফোরণের পর ওই এলাকার সড়ক সাময়িকভাবে বন্ধ করে দেয় আইনশৃঙ্খলা বাহিনী। ঘটনাস্থলে ভারী অস্ত্রধারী নিরাপত্তাকর্মীদের মোতায়েন করা হয়।
প্রথমদিকে ধারণা করা হয়েছিল, রেস্তোরাঁর ভেতরে বিস্ফোরণ ঘটেছে। তবে পরে রেস্তোরাঁ কর্তৃপক্ষ জানায়, সমস্যাটি বাইরে হয়েছিল। এ ঘটনায় তদন্ত শুরু করেছে রুশ কর্তৃপক্ষ।
সাম্প্রতিক বছরগুলোতে মস্কো ও এর আশপাশে রাশিয়ার কয়েকজন সামরিক কর্মকর্তাকে লক্ষ্য করে হামলার ঘটনা ঘটেছে। এসব ঘটনার জন্য মস্কো এর আগে ইউক্রেনকে দায়ী করেছে।





