মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দিল্লিতে সংবাদ সম্মেলন করতে দেওয়ায় ভারতের ওপর তীব্র ক্ষোভ ও গভীর দুঃখ প্রকাশ করেছে বাংলাদেশ সরকার।
বুধবার (৫ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়, দণ্ডপ্রাপ্ত অপরাধী শেখ হাসিনাকে নয়াদিল্লিতে গণমাধ্যমের মুখোমুখি হতে দেওয়ায় ঢাকা গভীরভাবে ক্ষুব্ধ। বাংলাদেশ সরকার আগে থেকেই এর সম্ভাব্য নেতিবাচক কূটনৈতিক প্রভাব নিয়ে ভারতকে উদ্বেগের কথা জানিয়েছিল। তা সত্ত্বেও অনুষ্ঠানটির অনুমতি দেওয়াকে বাংলাদেশের সার্বভৌমত্ব এবং জুলাই বিপ্লবের শহীদদের প্রতি চরম অপমান হিসেবে দেখছে ঢাকা।
বিবৃতিতে আরও বলা হয়, ২০১৩ সালের দ্বিপাক্ষিক প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী হাসিনাকে ফেরত পাঠানোর বারবার অনুরোধ সত্ত্বেও ভারত কোনো ব্যবস্থা নেয়নি। উল্টো তাঁকে গণমাধ্যমে কথা বলার সুযোগ দেওয়া দুই দেশের সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ও বাংলাদেশের জনগণের অনুভূতির ওপর আঘাত। সার্বভৌম সাম্য ও পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে ভারতের সাথে সম্পর্ক বজায় রাখার প্রত্যয় পুনর্ব্যক্ত করে সরকার স্পষ্ট জানিয়েছে, বাংলাদেশে আর কোনোদিন ফ্যাসিবাদের স্থান হবে না।





