মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর, কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্প এবং মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষের (মিডা) কার্যক্রম পরিদর্শন শেষে চট্টগ্রামের বাঁশখালী পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
রোববার (৯ আগস্ট) বেলা সোয়া ১টা ৪০ মিনিটের দিকে হেলিকপ্টারে করে কক্সবাজারের মহেশখালী থেকে বাঁশখালী পৌঁছান তিনি।
প্রধানমন্ত্রীর আগমন ঘিরে বাঁশখালীর বাহারছড়া সমুদ্রপাড়ে তৈরি হয় উৎসবমুখর পরিবেশ। সেখানে জড়ো হওয়া মানুষের মধ্যে উচ্ছ্বাস দেখা যায়। প্রধানমন্ত্রীকে একনজর দেখতে সমুদ্রপাড়ে মানুষের ঢল নামে।
বাঁশখালীতে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন অনুষ্ঠানে অংশ নেবেন প্রধানমন্ত্রী। এ সময় ত্রাণ বিতরণের পাশাপাশি বন্যায় গৃহহারা ১০০ পরিবারের হাতে নতুন ঘরের চাবি তুলে দেওয়ার কথা রয়েছে।
বাঁশখালীর কর্মসূচি শেষে ফটিকছড়ির বাবুনগর মাদ্রাসায় যাবেন প্রধানমন্ত্রী। সেখানে হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন তিনি। এ সময় হেফাজতে ইসলামের কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের প্রায় ৫০ জন নেতার সঙ্গে প্রধানমন্ত্রীর মতবিনিময়ের কথা রয়েছে।
এরপর হাটহাজারীর আল-জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মঈনুল ইসলাম মাদ্রাসায় যাবেন প্রধানমন্ত্রী। সেখানে হেফাজতে ইসলামের প্রতিষ্ঠাতা আমির প্রয়াত আল্লামা শাহ আহমদ শফীর কবর জিয়ারত করবেন তিনি।
পরে হাটহাজারী সরকারি কলেজ মাঠে বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অংশ নেবেন প্রধানমন্ত্রী। সেখানে ৩০টি ক্ষতিগ্রস্ত পরিবারকে ঘর নির্মাণে সহায়তা হিসেবে এক লাখ টাকা করে দেওয়ার কর্মসূচি রয়েছে। পাশাপাশি ১৫ জন প্রতিবন্ধীকে ১০ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়ার কথা রয়েছে।
প্রধানমন্ত্রীর চট্টগ্রাম সফরের দিনের শেষ কর্মসূচি হবে নগরের রেডিসন ব্লু চট্টগ্রাম বে ভিউতে বিএনপির সাংগঠনিক সভা। দলীয় সূত্র জানিয়েছে, সভায় চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা বিএনপি এবং ১১টি অঙ্গ ও সহযোগী সংগঠনের তৃণমূল পর্যায়ের প্রায় ৫৫০ থেকে ৬০০ নেতা অংশ নেবেন।
সভায় দলের সাংগঠনিক পরিস্থিতি নিয়ে নেতাদের সঙ্গে সরাসরি কথা বলার পাশাপাশি প্রয়োজনীয় দিকনির্দেশনা দিতে পারেন প্রধানমন্ত্রী। চট্টগ্রামে দলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার বিষয়েও নেতাদের সঙ্গে আলোচনা হতে পারে।
সফর শেষে রোববার রাত ৯টা ২০ মিনিটে প্রধানমন্ত্রীর ঢাকার উদ্দেশে চট্টগ্রাম ত্যাগ করার কথা রয়েছে।





