ইতালির রাজধানী রোমের ফিউমিচিনো বিমানবন্দরে প্রায় ৪০ ঘণ্টা আটকে থাকার পর ঢাকায় ফিরেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-৩০৬ ফ্লাইট। যান্ত্রিক ত্রুটির কারণে ফ্লাইটটি বিকল হয়ে যায়।
রোববার (৯ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপদে অবতরণ করে।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ কর্মকর্তা বোসরা ইসলাম জানান, বাংলাদেশ সময় রোববার রাত ৩টায় রোমের ফিউমিচিনো বিমানবন্দর থেকে ফ্লাইটটি ঢাকার উদ্দেশে রওনা হয়।
বিমান সূত্রে জানা যায়, বোয়িং ৭৮৭-৯ ড্রিমলাইনার উড়োজাহাজটি আড়াই শতাধিক যাত্রী নিয়ে স্থানীয় সময় বৃহস্পতিবার বিকেল ৫টা ১৮ মিনিটে কানাডার টরন্টোর পিয়ারসন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে যাত্রা করে। প্রায় আট ঘণ্টা উড্ডয়নের পর উড়োজাহাজটিতে যান্ত্রিক ত্রুটি দেখা দিলে সেটি রোমের ফিউমিচিনো বিমানবন্দরে জরুরি অবতরণ করে। স্থানীয় সময় শুক্রবার সকাল ৭টা ১৯ মিনিটে উড়োজাহাজটি বিমানবন্দরে অবতরণ করে।
দীর্ঘ সময় চেষ্টা করেও ত্রুটি মেরামত করা সম্ভব না হলে ঢাকা থেকে প্রয়োজনীয় যন্ত্রাংশ এবং দুই সদস্যের প্রকৌশলী দল রোমে পাঠানো হয়। শনিবার দুপুরে বিমানের বিজি-৩০৫ ফ্লাইটে প্রকৌশলী দলটি রোমের উদ্দেশে রওনা হয়। স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ১৬ মিনিটে তারা রোমে পৌঁছান।
এরপর প্রকৌশলীরা প্রয়োজনীয় কাজ শেষে উড়োজাহাজটির কারিগরি ত্রুটি সমাধান করেন। পরে ফ্লাইটটিকে গ্রাউন্ডেড অবস্থা থেকে অপারেশনের জন্য ছাড়পত্র দেওয়া হয়। রাতে সেটি ঢাকার উদ্দেশে রওনা দেয়।





