ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

গাজীপুরের শ্রীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের জৈনা বাজার এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান পরিচালনা করছে মাওনা হাইওয়ে থানা পুলিশ।

রোববার (৯ আগস্ট) দুপুরে মহাসড়কের জৈনা বাজার এলাকায় এ অভিযান শুরু করা হয়। মহাসড়কের জায়গা দখল করে গড়ে ওঠা বিভিন্ন অবৈধ স্থাপনা ও দোকানপাট উচ্ছেদের কার্যক্রম চালানো হচ্ছে।

হাইওয়ে থানা পুলিশের অভিযানের ফলে মহাসড়কের পাশে দখল হয়ে থাকা জায়গা উদ্ধারের পাশাপাশি যানবাহন চলাচলে শৃঙ্খলা ফিরবে বলে আশা করছেন স্থানীয়রা।

স্থানীয়দের অভিযোগ, মহাসড়কের পাশে দীর্ঘদিন ধরে বিভিন্ন স্থানে অবৈধ স্থাপনা গড়ে ওঠায় সড়ক সংকুচিত হয়ে যানজট ও দুর্ঘটনার ঝুঁকি বাড়ছিল। বিশেষ করে জৈনা বাজার এলাকায় পথচারী ও যানবাহন চলাচলে নানা ধরনের দুর্ভোগ সৃষ্টি হচ্ছিল।

মাওনা হাইওয়ে থানা ওসি কামরুজ্জামান জানিয়েছে, মহাসড়ক দখল করে অবৈধভাবে স্থাপনা নির্মাণের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। জনসাধারণের নিরাপদ চলাচল নিশ্চিত করতে মহাসড়কের জায়গা দখলমুক্ত রাখার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।