দুই প্রধানমন্ত্রী বসলে সমস্যার সমাধান

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে প্রথম সাক্ষাতের আগে ভারতের হাইকমিশনার দিনেশ ত্রিবেদী বলেছেন, দুই দেশের প্রধানমন্ত্রীর মধ্যে আলোচনার মাধ্যমে অনেক সমস্যার সমাধান হবে। গতকাল ভারতীয় হাইকমিশনার একান্ত আলোচনা করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে।

বাংলাদেশ ও ভারতের দ্বিপক্ষীয় সম্পর্কের কিছুটা টানাপোড়েনের পটভূমিতে সোমবার ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দিনেশ ত্রিবেদী প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে এক তাৎপর্যপূর্ণ বৈঠকে বসবেন।

সাম্প্রতিক দিনগুলোতে নয়াদিল্লিতে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার গণমাধ্যমকেন্দ্রিক বক্তব্য ঢাকা ও দিল্লির মধ্যে কিছুটা উত্তেজনার সৃষ্টি করেছে। এ পরিস্থিতি নিয়ে বাংলাদেশের পক্ষ থেকে প্রতিবাদও জানানো হয়েছে।

বাংলাদেশের অভ্যুত্থানের বার্ষিকী অর্থাৎ ৫ আগস্ট দিল্লিতে শেখ হাসিনাকে বক্তব্য রাখার সুযোগ দেওয়ায় বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে এটি আগে থেকেই ব্যাপকভাবে প্রচারিত হয়। সেই কারণে বাংলাদেশের প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবিরের মাধ্যমে ভারতীয় হাইকমিশনারকে শেখ হাসিনার বক্তব্য সম্প্রচার করতে না দেওয়ার অনুরোধ জানিয়েছিল বাংলাদেশ।

কিন্তু সেই অনুরোধ সত্ত্বেও দিল্লির ফরেন করেসপন্ডেন্টস ক্লাব শেখ হাসিনার সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় অনুষ্ঠানের আয়োজন করে। শেখ হাসিনার বক্তব্য সম্প্রচারিত হওয়ার পর বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এর তীব্র প্রতিবাদ জানায় এবং একই সঙ্গে শেখ হাসিনার বক্তব্যের নিন্দাও করে।

গতকাল ঢাকায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিনেশ ত্রিবেদী বলেন, ‘বাংলাদেশের প্রধানমন্ত্রীকে… আমরা সবাই খুব শ্রদ্ধা করি। আমি তাঁর বক্তব্য বহুবার শুনেছি, তিনি মন থেকে কথা বলেন। এটি আমি দেখেছি। তিনি একজন গণমানুষের নেতা। আর আমাদের প্রধানমন্ত্রীও একজন গণমানুষের নেতা।’

ঢাকায় ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রে একটি ‘চিলড্রেনস কর্নার’ (শিশু চত্বর) উদ্বোধনের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন ত্রিবেদী।

ভারতীয় হাইকমিশনার বলেন, ‘আমার মনে হয় যে… দুই নেতা যখন সাক্ষাৎ করবেন, তখন অনেক সমস্যারই সমাধান হয়ে যাবে। আমরা যখন একে অপরের সঙ্গে কথা বলি, তখন সমস্যা কেটে যায়। আর আমার পূর্ণ বিশ্বাস রয়েছে যে মানুষ একসঙ্গে আছে এবং সমাধান অবশ্যই হবে… হবেই। আমি খুবই আশাবাদী।

এখানে নেতিবাচক কিছু নেই; সবকিছুই ইতিবাচক।’ বিমসটেকের বর্তমান চেয়ারম্যান হিসেবে আগামী সেপ্টেম্বরে অনুষ্ঠিত হতে যাওয়া বিআরআইসিএস সম্মেলনে অংশ নিতে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমন্ত্রণ জানিয়েছে ভারত।

তবে প্রধানমন্ত্রী তারেক রহমান এ সম্মেলনে যোগ দেবেন কি না সে বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত ঘোষণা করা হয়নি। এমন এক প্রেক্ষাপটে দিনেশ ত্রিবেদীর সঙ্গে এ বৈঠককে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।

যদিও দিনেশ ত্রিবেদী ভারতের নতুন হাইকমিশনার এবং বৈঠকটিকে সাধারণত একটি সৌজন্য সাক্ষাৎ হিসেবে দেখা হচ্ছে, তবু বর্তমান সময়কালের কথা বিবেচনা করলে এ বৈঠকটির নিজস্ব একটা বিশেষ তাৎপর্য রয়েছে।

২০২৪ সালের ৫ আগস্ট শিক্ষার্থীদের নেতৃত্বাধীন এক গণ অভ্যুত্থানে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ ছেড়ে ভারতে পালিয়ে যান এবং সেখানে আশ্রয় নেন। দ্বিতীয় বার্ষিকীতে অর্থাৎ ২০২৬ সালের ৫ আগস্ট তিনি দিল্লিতে সাংবাদিকদের সঙ্গে একটি মতবিনিময় সেশনে অংশ নেন, যা হঠাৎ করেই বাংলাদেশে বিতর্কের জন্ম দেয়।